দুটি নতুন ফাঁসির মঞ্চ হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে
বঙ্গবন্ধুর পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর করতে দিনক্ষণ গণনা শুরু হয়েছে। তবে নিরাপত্তার কারণে কবে, কখন, কোন কারাগারে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তা বলছে না কারা অধিদপ্তর।কারা সূত্র জানায়, এখন পর্যন্ত সিদ্ধান্ত আছে, পাঁচ আসামির ফাঁসি ঢাকা কেন্দ্রীয় কারাগারে কার্যকর হবে। এ জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে একটি ফাঁসির মঞ্চের পাশে আরও দুটি মঞ্চ তৈরির কাজ চলছে। ইতিমধ্যে দুটি কূপের নির্মাণকাজ শেষ হয়েছে। ঢাকার বাইরের দুটি কারাগার থেকে মঞ্চের ওপর লাগানো বিম এনে তা কূপে সংযোজন করা হচ্ছে।কয়েকজন কারারক্ষী জানান, ফাঁসির মঞ্চ ধোয়ামোছা চলছে এবং ফাঁসির জন্য যে রশি ব্যবহার করা হবে, তা পিচ্ছিল করতে তেল দেওয়া হচ্ছে। এই রশি আনা হয়েছে ম্যানিলা থেকে। তাঁরা জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রয়োজনীয়সংখ্যক জল্লাদ আছেন। প্রয়োজনে অন্য কারাগার থেকেও জল্লাদ আনা হতে পারে।সূত্র জানায়, ফাঁসি কার্যকর এই কারাগারে নাকি অন্য কারাগারে হবে, তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সঠিক তারিখ জানা না গেলেও দিন যে খুব বেশি নেই, কারাগারের পরিবেশ দেখেই তা বোঝা যাচ্ছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় কোনো কর্মকর্তাই নাম প্রকাশ করে বক্তব্য দিতে রাজি হননি। গোপনে সব প্রস্তুতি চলছে।সূত্র জানায়, আদালতের রায় কার্যকর করতে দুজন জল্লাদের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। তাঁদের একজনের নাম শাহজাহান। তিনি কাশিমপুর-১ কেন্দ্রীয় কারাগারে বন্দী। দুটি খুনের মামলায় ৬০ বছরের সাজা হয়েছে তাঁর। গ্রামের বাড়ি নরসিংদীতে। কুখ্যাত খুনি এরশাদ শিকদারের ফাঁসি কার্যকর করতে শাহজাহানকে কাশিমপুর কারাগার থেকে খুলনায় নেওয়া হয়েছিল। এ ছাড়া আলোচিত শারমিন রিমা হত্যা মামলার আসামি মনিরকে ফাঁসি দেওয়া জল্লাদ হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। অপর জল্লাদের নাম কালু। সাভারে জোড়া খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী।কাশিমপুর কারাগার সূত্রে জানা যায়, ২০০৭ সালের মার্চে কাশিমপুর কারাগারে জঙ্গি মামুনের ফাঁসির সময় জল্লাদের দায়িত্ব পালন করেন শাহজাহান। সহ-জল্লাদের দায়িত্বে ছিলেন কালু। বঙ্গবন্ধু হত্যা মামলার পাঁচ আসামির বিরুদ্ধে আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার সময় আরও তিনজন জল্লাদকে এই দুজনের সহযোগী হিসেবে মঞ্চের পাশে ডাকা হবে। ফাঁসির মঞ্চের পাশে অনেকের সঙ্গে দাঁড়িয়ে থাকবেন সংশ্লিষ্ট কারাগারের তত্ত্বাবধায়ক। তাঁর হাতে থাকবে একটি লাল রুমাল। হাত থেকে রুমালটি মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জল্লাদ মঞ্চের লিভার (লোহার তৈরি বিশেষ হাতল) টেনে দেবেন। এতে পায়ের তলা থেকে কাঠ সরে ফাঁসি কার্যকর হবে। এরপর দেহটি আধা ঘণ্টা ধরে গলায় রশি দেওয়া অবস্থায় কূপের ওপর ঝুলতে থাকবে।সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার ছাড়াও দেশের আরও ১৪টি কারাগারে ফাঁসির মঞ্চ আছে। ওই মঞ্চগুলোরও সংস্কারকাজ চলছে।সূত্র জানায়, আসামিদের রায় পুনর্বিবেচনার (রিভিউ পিটিশন) আবেদন আদালতে খারিজ হলে যেকোনো দিন ফাঁসি কার্যকর করা হবে।সূত্র জানায়, নিরাপত্তার কারণে আসামিদের ঢাকার বাইরে অন্য কারাগারে নেওয়ার সম্ভাবনা কম। গত শুক্রবার ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে দুটি ফাঁসির রশি ঢাকায় আনা হয়েছে। আসামিদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলছে।সূত্র জানায়, মৃত্যুদণ্ড কার্যকরের দুই দিন আগে বালুর বস্তা দিয়ে ফাঁসির মহড়া দেওয়া হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশাপাশি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ আসামিদের কারও কারও ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে।কারা অধিদপ্তর সূত্র জানায়, জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদের আমলে ম্যানিলা থেকে ১০ হাজার ফাঁসির রশি আমদানি করা হয়। এরপর আর কোনো রশি আনা হয়নি।বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। তাঁরা হলেন সৈয়দ ফারুক রহমান, মুহিউদ্দিন (আর্টিলারি), বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন (ল্যান্সার) ও সুলতান শাহরিয়ার রশিদ খান।