দুটি পত্রিকাকে প্রেস কাউন্সিলের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় প্রথম আলো ও এর সম্পাদককে জড়িয়ে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন-এর বিরুদ্ধে বাংলাদেশ প্রেস কাউন্সিলে পৃথক মামলা হয়েছে।অভিযোগের জবাব দিতে পত্রিকা দুটির সম্পাদক ও প্রকাশককে গত সোমবার নোটিশ করেছে প্রেস কাউন্সিল। নোটিশে তাঁদের আগামী ১৪ নভেম্বর বেলা ১১টায় প্রেস কাউন্সিলের বিচার কমিটির সামনে হাজির হয়ে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মামলা চলার সময় তর্কিত বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ না করার জন্য ওই পত্রিকা দুটিকে নির্দেশ দেওয়া হয়েছে।মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশের অভিযোগে গত বৃহস্পতিবার কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে পৃথক মামলা দুটি করেছেন প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান।মামলায় অভিযোগ করা হয়, কালের কণ্ঠ-এ গত ১০ মে ‘হোতা তাজউদ্দিনকে বাঁচাতে চেয়েছিলেন মতিউর রহমান!’ শিরোনামের একটি অসত্য ও বানোয়াট খবর প্রকাশ করে। তবে এই কল্পকাহিনির প্রথম সূত্রপাত হয় গত ৪ এপ্রিল একই ব্যবসায়িক গ্রুপের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন-এ। ওই দিন পত্রিকাটি ‘একুশে আগস্ট গ্রেনেড হামলা: মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দারা’ শিরোনামে একটি খবর প্রকাশ করে। সেই শুরু। বাংলাদেশের দ্বিতীয় কোনো সংবাদপত্র বা গণমাধ্যমে ওই কল্পকাহিনী প্রকাশিত না হলেও বাংলাদেশ প্রতিদিন বিষয়টি প্রতিষ্ঠিত করতে একক দায়িত্ব ঘাড়ে তুলে নেয়। পরে পত্রিকাটির সঙ্গে যুক্ত হয় কালের কণ্ঠ। পত্রিকা দুটির এ চেষ্টা এখনো অব্যাহত আছে।অভিযোগে আরও বলা হয়, বাংলাদেশ প্রতিদিন ও কালের কণ্ঠ বিনা প্ররোচনায় বিশেষ একটি মহলের ইন্ধনে সংবাদ আর প্রতিবেদনের মোড়কে দীর্ঘদিন ধরে একের পর এক মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মানহানিকর ও কুৎসাপূর্ণ গালগল্প ছাপিয়ে যাচ্ছে। কোনো সংবাদপত্র দূরে থাক, কোনো প্রচারপত্রেও এতটা ব্যক্তিগত আক্রোশ ও বিষোদ্গার সহজে পরিলক্ষিত হয় না। অভিযোগে বলা হয়, ‘এক সংবাদপত্রের বিরুদ্ধে আরেক সংবাদপত্রের এতটা নীতি-নৈতিকতাবহির্ভূত প্রচারণা সংবাদপত্রের ইতিহাসে বিরল। আশা করছি, প্রেস কাউন্সিল এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক রায় প্রদান করে অচিরেই বাংলাদেশের সংবাদপত্রজগতের এই কলঙ্কজনক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাবেন।’