দুটি পোশাক কারখানা বন্ধ
শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা ইপিজেডের বোলটেক্স বিডি লিমিটেড নামের একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে আশুলিয়ার কাঠগড়ায় কন্টিনেন্টাল গার্মেন্টস লিমিটেড নামের আরেকটি পোশাক কারখানাও আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, সাপ্তাহিক ছুটির দিনে কাজ করালে দ্বিগুণ পারিশ্রমিক, দুপুরের খাবারের ভাতা বৃদ্ধি, কোম্পানির পরিবহন সুযোগ থেকে বঞ্চিত শ্রমিকদের পরিবহন ভাড়া দেওয়াসহ ১২ দফা দাবিতে বোলটেক্স বিডি লিমিটেডের শ্রমিকেরা গত বৃহস্পতিবার থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ করে আসছিলেন।গতকাল শনিবার কারখানা কর্তৃপক্ষ জানায়, শ্রমিকেরা কাজে যোগ দিলে তারা আলোচনায় বসতে রাজি। কিন্তু শ্রমিকেরা দুপুরের দিকে কারখানার জানালার কাচ ও সিসি ক্যামেরা ভাঙচুর করে চলে যান। আজ তাঁরা কাজে যোগ দিতে এসে প্রধান ফটকে অনিবার্য কারণে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। অন্যদিকে কন্টিনেন্টাল গার্মেন্টস লিমিটেড কারখানায় গত শুক্রবার লিফট ছিঁড়ে একজন শ্রমিক নিহত ও দুজন আহত হন। শ্রমিকেরা আজ সকালে হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণের দাবিতে কর্মস্থলে গিয়ে কারখানার বাইরে বিক্ষোভ করতে থাকেন। পরে বিজিএমইএ ও কারখানা কর্তৃপক্ষ আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিত্সা এবং নিহত শ্রমিকদের ক্ষতিপূরণসহ উত্তরসূরিকে চাকরি আশ্বাস দিয়ে আজকের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।