দুটি প্রতিবেদন অ্যাটর্নির কার্যালয়ে, ৮ এপ্রিল দাখিল
সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে দুটি প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, গোয়েন্দা সংস্থার (ডিবি) পক্ষ থেকে গতকাল বুধবার বিকেলে তদন্তের অগ্রগতি-সংক্রান্ত একটি প্রতিবেদন এসে পৌঁছেছে। আজ সকাল ১০দিকে পুলিশের মহাপরিদর্শকের পক্ষ থেকে আরেকটি প্রতিবেদন এসে পৌঁছে। কিন্তু দ্বৈত বেঞ্চের এক বিচারপতি ছুটিতে থাকায় আদালতের অধিক্ষেত্র পরিবর্তিত হয়েছে। ২৫ মার্চ থেকে সুপ্রিম কোর্টের অবকাশ শুরু হচ্ছে। অবকাশ শেষে ৮ এপ্রিল প্রতিবেদনগুলো আদালতে দাখিল করা হবে। গত মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২২ মার্চের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেন। গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির লাশ উদ্ধার করে পুলিশ। ওই হত্যার কারণ উদঘাটনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট আবেদন করে। প্রাথমিক শুনানি নিয়ে ২৮ ফেব্রুয়ারি উক্ত বেঞ্চ রুল জারির পাশাপাশি ও অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন। সাগর-রুনি হত্যার কারণ উদঘাটন এবং খুনিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনার নির্দেশ কেন দেওয়া হবে না—তা রুলে জানতে চাওয়া হয়। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক (ডিজি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, ডিএমপির গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) ও শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।