দুটি প্রশ্নে মতামত নিতে সাত অ্যামিকাস কিউরি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপক্ষের আপিলের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের ২১ ধারায় সংশোধনীর ভূতাপেক্ষ কার্যকারিতা আবদুল কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হবে কি না—এ বিষয়ে মতামত দিতে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে জ্যেষ্ঠ সাত আইনজীবীর নাম ঘোষণা করেছেন আপিল বিভাগ। সাত অ্যামিকাস কিউরি হলেন—জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, রফিক-উল হক, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি এবং এ এফ হাসান আরিফ। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল শুনানিকালে দুটি গুরুত্বপূর্ণ আইনগত প্রশ্ন ওঠায় গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৮ জুলাই অ্যামিকাস কিউরিদের মতামত নেওয়া হবে।প্রশ্ন দুটি হচ্ছে—এক. আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর অধীনে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথাগত আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে কি না? দুই. গত ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধন করে ২০০৯ সালের ১৪ জুলাই থেকে এর ভূতাপেক্ষ কার্যকারিতা দেওয়া হয়েছে, যাতে খালাস বা দণ্ডাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অধিকার দেওয়া হয়। কাদের মোল্লার দণ্ড ঘোষণার পর আইনের ২১ ধারায় আনা ওই সংশোধনীতে রাষ্ট্রপক্ষকে আপিলের যে সুযোগ দেওয়া হলো, তা কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য কি না?কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ওপর গতকাল ৩২তম দিনের মতো শুনানি হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। আসামিপক্ষে এ সময় আইনজীবী শিশির মুনীর উপস্থিত ছিলেন। শুনানিতে মাহবুবে আলম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও এর কোনো বিধান নিয়ে প্রশ্ন করা যাবে না। সংবিধানের ৪৭ (৩) অনুচ্ছেদ অনুসারে ১৯৭৩ সালের এই আইন সংরক্ষিত আইন। তিনি বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে মামলা করার অনেক আগে থেকে আইনের কার্যকারিতা দেওয়া হয়েছে। তাই এ আইন মামলা দায়েরের আগেই কার্যকর হয়েছে বলে ধরতে হবে। তাই কাদের মোল্লার বিরুদ্ধে আপিল চলবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আদালত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান, যাবজ্জীবন কারাদণ্ড বলতে কত বছর সাজা বুঝতে হবে? জবাবে মাহবুবে আলম বলেন, এ মামলায় ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন ও দণ্ডবিধি কার্যকর হবে না। যাবজ্জীবন কারাদণ্ড বলতে বোঝাবে, যে পর্যন্ত দৈহিকভাবে মৃত্যু না হয়, সে সময় পর্যন্ত। অর্থাৎ আমৃত্যু কারাদণ্ড। তিনি বলেন, ‘আমাদের বক্তব্য, আমাদের দেশে যে আইন আছে, সে আইনেই বিচার হবে, সাজা হবে। এই বিচারে আন্তর্জাতিকভাবে প্রচলিত আইন (কাস্টমারি ল) এ ক্ষেত্রে কার্যকর নয়।’ আগে আপিল শুনানিতে কাদের মোল্লার আইনজীবী বলেছিলেন, ট্রাইব্যুনাল সাজা দেওয়ার পর আইন সংশোধন হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। তাই এ আইন কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য একটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। এরপর ৩ মার্চ কাদের মোল্লার সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। পরদিন ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডাদেশ বাতিল চেয়ে অব্যাহতি দেওয়ার আরজি জানিয়ে আপিল করেন কাদের মোল্লা। কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন সাজার রায়ের পর মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শুরু হয় আন্দোলন। শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। এরপর ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল, ২০১৩ জাতীয় সংসদে পাস হয়। সংশোধিত আইনে রায়ের বিরুদ্ধে আপিলের অধিকারসংক্রান্ত ধারায় সংশোধনী আনা হয়। এর আগে রাষ্ট্রপক্ষের কেবল রায়ের খালাস পাওয়া অংশের বিরুদ্ধে আপিল করার সুযোগ ছিল।