দুটি বলেই ম্যাচের রংবদল
জিওফ বয়কট একটা কথা প্রায়ই বলেন। যা তিনি নিজের খেলোয়াড়ি জীবনেও অক্ষরে অক্ষরে মেনে চলতেন—ওহে, স্কোরবোর্ড যা দেখাচ্ছে, সেটি আসল স্কোর নয়। এর সঙ্গে ২ উইকেট যোগ করে নাও।বয়কটের এ কথার মাহাত্ম্য এখন খুব ভালো বুঝতে পারবেন জহুরুল ইসলাম। এই ‘তত্ত্ব’ মাথায় থাকলে কি আর ওই পাগুলে শটটা খেলতেন? স্কোরবোর্ডে ২ উইকেটে ১৪৩-কে তখন মনে হতো ৪ উইকেটে ১৪৩। রঙ্গনা হেরাথকে ডাউন দ্য উইকেট মারতে যাওয়ার চিন্তাটা বোধ হয় জহুরুলের মাথায়ই আসত না।মাহমুদউল্লাহ নেমেই যে বলটি পেলেন, ব্যাটসম্যান খুব দুর্ভাগা হলে তা পান। হেরাথের বলটা দারুণ জায়গায় পড়ে টার্ন করল। মাহমুদউল্লাহর ব্যাট এড়িয়ে লাগল গিয়ে অফ স্টাম্পে। বয়কটের কথাকে সত্যি প্রমাণ করে ২ উইকেটে ১৪৩ চোখের পলকে ৪ উইকেটে ১৪৩!আসলে যা ৪ উইকেটে ৩৭! প্রথম ইনিংসে ১০৬ রানের ঘাটতিটা ভুলে গেলে চলবে কেন! সেটি ঘুচিয়ে ম্যাচটাকে প্রায় সাম্যাবস্থায় নিয়ে এসেছিল বাংলাদেশ। দুই বলের মধ্যেই সেটি রূপ বদলে চালকের আসনে বসিয়ে দিল শ্রীলঙ্কাকে। চতুর্থ দিনেই এই টেস্ট শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়।শুধু তাঁর তত্ত্ব সঠিক প্রমাণিত হলো বলেই জিওফ বয়কটের কথা মনে পড়েনি। এই টেস্টে জহুরুলের ব্যাটিংও সাবেক ইংলিশ ওপেনারকে মনে করিয়ে দিল। টেস্ট ক্রিকেটে উইকেট পড়ে থাকাটাই যখন আরাধ্য ছিল ব্যাটসম্যানদের, ইনিংসে বলের চেয়ে মিনিটের মাহাত্ম্য ছিল বেশি, সেই যুগেও অপরাজিত ২৪৬ রান করে পরের টেস্টে বাদ পড়েছিলেন বয়কট! ‘অপরাধ’ মাত্রাতিরিক্ত ধীর ব্যাটিং!জহুরুলকে বলতে পারেন এই টেস্টের ‘বয়কট’। প্রথম ইনিংসে ১২৯ বলে খুবই অস্বচ্ছন্দ ৩৩ রানের ইনিংস। কাল অবশ্য অতটা জবুথবু মনে হচ্ছিল না। তামিমের দেখাদেখি হেরাথকে একটা ছক্কাও মেরে বসলেন। কিন্তু এর আগে-পরে শুধুই ঠেকিয়ে ঠেকিয়ে নিজের ওপর একটা চাপ তৈরি করলেন যে, সেটিই বোধ হয় হঠাৎ মাথা খারাপ হয়ে যাওয়ার কারণ। তামিম ইকবালেরও তা-ই মনে হচ্ছে, ‘সাঙ্গাকারার ইনিংসটা খেয়াল করলে দেখবেন, এত কষ্ট করে রান করেছে, কিন্তু ওভারে একটা হলেও রান ঠিকই নিয়েছে। অনেকক্ষণ রান না হলে ব্যাটসম্যানরা অনেক সময় উল্টোপাল্টা কিছু করে বসে।’আত্মহত্যার আগে ৮টি বলে কোনো রান নিতে পারেননি জহুরুল, সর্বশেষ ১৮ বলে নিয়েছেন মাত্র দুটি সিঙ্গেল। এমনিতে জহুরুলের লড়াইটা হাততালি দাবি করে। প্রায় চার ঘণ্টা সংগ্রাম করে ১৭০ বলে ৪৮ রানের যে ইনিংসটি খেললেন, অ্যাঞ্জেলো ম্যাথুসের কপালে ভাঁজ ফেলে দেওয়ায় সেটির গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধু স্ট্রাইক বদলানোর মাহাত্ম্যটা বুঝলেই হতো!দিনের শেষ ঘণ্টায় পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে ফেলার দুঃখ তো থাকবেই। ভাগ্যকে দুষবার কিছু নেই, বরং ভাগ্য ভালো বলেই মমিনুল ও মুশফিকুর অপরাজিত থেকে মাঠ ছাড়তে পারলেন। মিড অফে ক্যাচ দিয়েছিলেন মমিনুল, কুলাসেকেরা ফেলে দিয়েছেন। স্লিপে মুশফিকুরকে ছেড়েছেন ম্যাথুস। দুবারই দুর্ভাগা বোলারের নাম রঙ্গনা হেরাথ। উইকেট থেকে খুব একটা কিছু না পেয়েও যিনি ঠিকই উইকেট নেওয়ার মতো বল করে গেলেন মাঝেমধ্যেই।মোহাম্মদ আশরাফুলও তাঁর শিকার। মাহমুদউল্লাহকে যে বলে ফিরিয়েছেন, তার সঙ্গে মিল আছে। তবে আশরাফুল সর্বনাশটা করলেন লেংথটা বুঝতে না পেরে ব্যাকফুটে খেলে। এখানেও খুব দ্রুত উইকেটের ঘরে ‘২’ যোগ হয়ে যাওয়ার ব্যাপার আছে। বিনা উইকেটে ৯১ থেকে স্কোর ২ উইকেটে ৯৬!১০৬ রানের ঘাটতি বাংলাদেশ উদ্বোধনী জুটিই ঘুচিয়ে দিয়েছিল প্রায়। সেটি হলো না ইরাঙ্গার বলে তামিম ইকবাল বোল্ড হয়ে যাওয়ায়। বাংলাদেশ তখনো ১৫ রান পিছিয়ে।সকালে ভয় ছিল সাঙ্গাকারাকে নিয়ে। আগের দিনের ১২৭ রানের সঙ্গে ১২ যোগ করে তিনি ফিরলেন মহানাটকের পর। হাসানের বলে কট বিহাইন্ডের আবেদনে নিশ্চুপ ছিলেন আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। বোলার-ফিল্ডারের বিস্ময় দেখে মনে সন্দেহ জাগায় স্কয়ার লেগ আম্পায়ারের সঙ্গে কথা বলে শরণাপন্ন হলেন টিভি আম্পায়ারের। ডিআরএস না থাকার পরও এক অর্থে ‘ডিআরএস’-ই মৃত্যু পরোয়ানা নিয়ে এল সাঙ্গাকারার জন্য। সেই সিদ্ধান্ত দিতে টিভি আম্পায়ারকে যতগুলো রিপ্লে দেখতে হলো, সেটি নতুন রেকর্ডই কিনা কে জানে! যে সময়টাকে সাঙ্গাকারা বলছেন, ‘স্ট্রেঞ্জ ফাইভ মিনিটস্!’সাঙ্গাকারার ক্যাচটা ইনিংসে মুশফিকুরের চতুর্থ, পরে ক্যাচ নিয়েছেন আরেকটি। উইকেটকিপারদের নিয়ে অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেট লেখক রে রবিনসনের অমর একটা কথা আছে, ‘উইকেটকিপার হলো অফিসের পিয়নের মতো। ফাইলে দোয়াতের কালি উল্টে না ফেলা পর্যন্ত তাঁর অস্তিত্ব টের পাওয়া যায় না।’ অর্থটা নিশ্চয়ই বুঝেছেন, শুধু ভুল করলেই বোঝা যায় উইকেটকিপার বলে একজন মাঠে আছেন। অন্যভাবেও বোঝানো যায়। যেমন বোঝালেন মুশফিকুর রহিম। পুরো সিরিজেই ব্যাটিংয়ের মতোই কিপিংয়েও উজ্জ্বল। সেটির স্বীকৃতি হয়ে এল বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ড। টেস্টে বাংলাদেশের কোনো উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডও ‘পাঁচ’। ২০১০ সালে ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে যা মুশফিকুরেরই কীর্তি।উইকেটের পেছনে ছিলেন প্রায় নিখুঁত। আজ উইকেটের সামনেও বড় কিছুর প্রত্যাশায় তাঁর দিকে তাকিয়ে বাংলাদেশ!তৃতীয় দিন শেষেবাংলাদেশ: ২৪০ ও ১৫৮/৪শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৪৬