দুটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার নারায়ণগঞ্জের মেঘনাঘাটে দুটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন এবং একটি বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। পরে মেঘনাঘাটে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দেন তিনি। গতকাল বেলা তিনটায় নারায়ণগঞ্জের মেঘনাঘাটে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ১০০ মেগাওয়াটের কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ৩৩৫ মেগাওয়াটের ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের। এ ছাড়া স্থানীয় মেঘনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এভারেস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ২৫ দশমিক ১৭ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেন।ওরিয়ন গ্রুপের দি আইইএল কনসোর্টিয়াম ও অ্যাসোসিয়েট লিমিটেড ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে। গত বছরের ১৭ মার্চ এটি চালু করা হয়।৩৩৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রটি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে সামিট গ্রুপ। পরে মেঘনাঘাটে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির কারণে গত নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, ‘২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর আমরা সরকারি-বেসরকারি খাতে ৩১টি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছি। ২৬টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন আছে। আরও ৩৪টি নতুন বিদ্যুৎ প্রকল্প স্থাপনের চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এক হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সঙ্গে কাঠামোগত চুক্তি করেছি। চূড়ান্ত চুক্তি সম্পাদনের কাজ চলছে।’শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার বিদ্যুৎ উৎপাদন যেমন বাড়ায়নি, তেমনি গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নতুন কূপ খনন করেনি। বর্তমান সরকার দেশের বিভিন্ন স্থানে ২৫০ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন এবং ২৮০ কিলোমিটার গ্যাস বিতরণ পাইপলাইন নির্মাণ করেছে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে কৃষিতে বাম্পার ফলন হয়েছে। কৃষকেরা ভর্তুকি মূল্যে সার, বীজ ও সেচসুবিধা পাচ্ছেন। তিনি বলেন, দেশের নদ-নদী ভরাট করে দখল করে নিচ্ছে প্রভাবশালীরা। নদীগুলো দখলমুক্ত করে স্বাভাবিক গতিধারা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ। শুভেচ্ছা বক্তব্য দেন সামিট গ্রুপের চেয়ারম্যান এম আজিজ খান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম। বক্তব্য দেন সাংসদ আবদুল্লাহ্ আল কায়সার, সারাহ বেগম কবরী, নাসিম ওসমান, গাজী গোলাম দস্তগীর ও নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী এম এনামুল হক।