দুটি বিল পাস করতে ১২ মিনিট সময় লেগেছে: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোটিশ দিয়ে সংসদে উপস্থিত না থাকায় নোটিশদাতাদের ভর্ত্সনা করেছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ।আজ বুধবার জাতীয় সংসদে দুটি বিল পাস করতে গিয়ে স্পিকার আবদুল হামিদ বলেন, চার-পাঁচ মিনিটে বিল পাসের জন্য সংসদ বা স্পিকার দায়ী নন। এ জন্য নোটিশদাতারা দায়ী।আজ অধিবেশনের শুরুতে মানবপাচার প্রতিরোধ ও দমন বিল ২০১২ পাসের উত্থাপন করা হয়। কিন্তু বিলের ওপর যেসব সদস্য নোটিশ দিয়েছিলেন, তাঁদের কেউ সংসদে উপস্থিত ছিলেন না।এ বিষয়ে স্পিকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আমি অনেক টক শো শুনি। টক শোতে বলা হয়, আমি চার-পাঁচ মিনিটে বিল পাস করে ফেলি। কিন্তু নোটিশ দিয়ে নোটিশদাতারা সংসদে আসেন না। এ ক্ষেত্রে নোটিশদাতাদের অভিযুক্ত করতে হবে। হোয়াই স্পিকার, হোয়াই পার্লামেন্ট? এ জন্য স্পিকার বা সংসদ দায়ী হতে পারে না। যারা টক শোতে আলোচনা করেন, সম্পাদকীয় লেখেন, তাঁদের বলছি, সংসদের কার্যপ্রণালী জেনে লেখেন।’বিএনপির সাংসদ মাহবুব উদ্দিন খোকন ও নিলুফার চৌধুরী এবং স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম এই বিলটির ওপর ২৫টির মতো নোটিশ দিয়েছিলেন। কিন্তু তাঁদের কেউ সংসদে উপস্থিত ছিলেন না।স্পিকার বলেন, ‘মাননীয় সংসদ সদস্যরা উপস্থিত না থাকলে কী হবে? আমি ডাকলাম, কাউকে পেলাম না। তা হলে কি আমি চুপ করে বসে থাকব? আমি তো চুপ করে বসে থাকতে পারি না। চুপ করে বসে থাকার রেওয়াজও নেই। আমি বড় জোর আস্তে আস্তে কথা বলতে পারি। “মাননীয়” বলে কয়েক সেকেন্ড থেমে আবার বলতে পারি “সদস্যবৃন্দ”, তারপর কিছুক্ষণ থেমে বলতে পারি, আমি বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। এভাবে বলে আমি কিছু সময় নষ্ট করতে পারি। কিন্তু তাতে তো দেশের মানুষ বলবে, স্পিকারের মাথা খারাপ হয়ে গেছে বা আমি অন্য দোষে দুষ্ট। অথবা বলবে আমি সংসদের সময় নষ্ট করছি।’স্পিকারের বক্তব্য শেষে ‘মানবপাচার প্রতিরোধ ও দমন বিল-২০১২’ এবং ‘অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তা বিল-২০১২’ পাস হয়। দ্বিতীয় বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এরপর পাস হয় ‘অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তা বিল-২০১২’। প্রথম বিলটি উত্থাপন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বিলটির ওপর নোটিশ দিয়েছিলেন বিএনপি সাংসদ মাহবুব উদ্দিন খোকন, আশিফা আশরাফী পাপিয়া ও নিলুফার চৌধুরী এবং স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম।বিল দুটি পাসের পর স্পিকার বলেন, ‘দুটি বিল পাস করতে ১২ মিনিট সময় লেগেছে। চার মিনিট আমি কথা বলেছি। সব মিলিয়ে ১৬ মিনিট।’