সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলসংক্রান্ত (ভিওআইপি) দুর্নীতির মিথ্যা অভিযোগ তোলার অভিযোগে করা দুটি মানহানির মামলা থেকে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার তিনি রংপুর ও নীলফামারীতে গিয়ে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। পরে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।রংপুর: আজ সকালে মানহানির একটি মামলায় অভিযুক্ত সাংসদ জয়নাল আবদীন রংপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। পরে আদালতের বিচারক রেজাউল করিম তাঁর জামিন মঞ্জুর করেন। আগামী ২০ মে মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।জামিন মঞ্জুর হওয়ায় বিএনপি ও আওয়ামী লীগের কর্মীরা আদালত চত্বরে পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল করেন।নীলফামারী: আজ দুপুরে মানহানির অন্য মামলায় জয়নাল আবদীন নীলফামারী মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক মো. মারুফ হোসেন ১৩ মে পর্যন্ত জামিন মঞ্জুর করেন।উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক গত ১২ মার্চ তাঁর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করেন। সেই সম্মেলনে জয় বাংলাদেশে ভিওআইপি ব্যবসা নিয়ন্ত্রণ করছেন বলে মিথ্যা তথ্য পরিবেশন করা হয়। এতে প্রধানমন্ত্রীর পরিবারের সুনাম ক্ষুণ্ন ও মানহানি হয়েছে অভিযোগ করে রংপুর ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাসেম বিন জুম্মন গত ১৮ মার্চ রংপুরের আদালতে ১০০ কোটি টাকার একটি মানহানির মামলা করেন। পাশাপাশি একই অভিযোগে নীলফামারীর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাঈম শাহরিয়ার গত ১৬ মার্চ নীলফামারীর মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন।