দুটি মামলা দুটি দৃশ্য
১৫ অক্টোবর ২০১২, দুপুরবেলা। ঢাকার আদালতপাড়ার পাশের একটি আইনজীবী চেম্বার। বিচারপ্রার্থী মক্কেলদের ভিড় লেগেই আছে। নিজের নিযুক্ত আইনজীবীর কাছ থেকে কেউ মামলার খোঁজ নিতে এসেছেন; কেউ এসেছেন হাজিরা দিতে। কেউ বা স্বজনের জামিন করাতে। ঘরটিতে দুই পাশে দুজন আইনজীবী বসেন। একটি মামলা-সংক্রান্ত কাজে বসে আছি ঘরটিতে। এরই মধ্যে দুজন বিচারপ্রার্থীর দুটি দৃশ্য অবলোকন করলাম।দৃশ্য-১সিঁথিতে তাঁর গাঢ় রঙের সিঁদুর। হাতে শাঁখা। চোখ দুটি পানিতে ছলছল করছে। যেন একটু ছুঁলেই গড়িয়ে পড়বে। ফরসা গায়ের রংঙের মধ্যে লাল রঙের সিঁদুর মনে হচ্ছিল সূর্যাস্ত হচ্ছে তাঁর কপালের ওপর। অজানা এক অস্থিরতা। অপেক্ষমাণ এক পথিক যেন। আইনজীবী মামলার কাজে ব্যস্ত আদালতে। মেয়েটি আমার সামনের চেয়ারেই বসা। তিনি কিছুক্ষণ পর পর দেয়ালে আটকানো ক্যালেন্ডারের দিকে তাকাচ্ছিলেন। যেন ক্যালেন্ডারে টাঙানো প্রতিটি তারিখই তাঁর সব অস্থিরতা নিয়ন্ত্রণ করছে। এখন উপশমের অপেক্ষায়...। আমাকে একটু পর পরই জিজ্ঞেস করছেন ‘উকিল সাহেব কখন আসবেন। একটু ফোন করে দেখেন না।’ প্রায় ঘণ্টা খানেক পর আইনজীবী এলেন। মেয়েটি জিজ্ঞেস করতে শুরু করলেন—‘প্রায় দুই মাস হয়ে গেল স্বামী জেলে আছে। জামিন কবে হবে উকিল সাহেব?’আইনজীবী উত্তর দিচ্ছেন—‘দেখেন সব চেষ্টাই করছি। আসলে এসব মামলায় জামিন পাওয়াটা খুব কঠিন। চেষ্টার কমতি নেই।’—‘তাও দেখেন না আরও একটু চেষ্টা করে। শুনলাম, এমন মামলায় নাকি কয়েকজন জামিন নিয়া গেছে।’—‘দেখুন ভুল শুনেছেন। এটা অস্ত্র মামলা। জামিন-অযোগ্য মামলা।’—‘প্লিজ তবুও চেষ্টা করেন উকিল সাহেব। বিয়ের এক বছরও পার হয়নি। তবুও আমার কপালে ভগবান কত শাস্তি লিখে রাখছে। আমি একটা মানুষ। তাও মেয়ে মানুষ হয়ে দৌড়াদৌড়ি করছি। আমার দেবর সময় দিতে পারছে না। আপনি তো বোঝেন, আমার কষ্টটা উকিল সাহেব।’আইনজীবী কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। তারপর বললেন, ‘আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন না। ধৈর্য ধরে থাকুন।’—‘এটা তো মিথ্যাভাবে এর নাম ঢুকাইছে। আমার স্বামীর সঙ্গে শত্রুতা করে এমন করছে। এটা কোর্টকে বুঝিয়ে বলেন দয়া করে।’—‘দেখুন মামলা মিথ্যা না সত্যি, এটা আদালতেই তো প্রমাণ হবে। কিন্তু এ মামলায় সহজে জামিন হয় না। তবুও চেষ্টা তো থেমে নেই।’মেয়েটির চোখগুলো পানিতে ছলছল করে উঠল। লাল রং ধারণ করল। অস্থিরতা চোখেমুখে গ্রাস করল। নাক-মুখ চাপা কান্নায় বারবার জেগে উঠছিল যেন। অসহায় কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ‘একটু দেখেন উকিল সাহেব।’ এ বলে চলে গেলেন তিনি।মেয়েটি যাওয়ার পর আমি আইনজীবীর কাছ থেকে ঘটনাটি শুনলাম। মেয়েটির স্বামী পুরান ঢাকায় ব্যবসা করেন। ব্যবসায়িক শত্রুতার জের ধরে অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে তাঁকে। তাঁর স্ত্রীই কোর্ট-কাছারিতে দৌড়াচ্ছেন শুরু থেকে। উকিলও জানেন না অস্ত্র মামলার মতো কঠিন মামলায় জামিনের দেখা কবে মিলবে তাঁর মক্কেলের...। তবুও প্রতি তারিখে হাজিরা, বদলি আদালতে চার্জ গঠনের সব প্রক্রিয়া চলছে। চার্জ শুনানির দিন অব্যাহতি এবং জামিনের আবেদন করা হবে। তবুও অনিশ্চয়তা...।দৃশ্য-২একজন লোক তাঁর ছেলেকে নিয়ে চেম্বারে হাজির। এসেছেন আরেক আইনজীবীর কাছে। জমি-সংক্রান্ত বিরোধ। বিরোধটি ওই লোকটির বোনের সঙ্গেই। লোকটির বোন তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। যথারীতি সমন পেয়েছেন। এখন তাঁদের মধ্যে পারিবারিকভাবে মীমাংসা হয়েছে। কিন্তু মামলাটি তো টিকে আছে। এ মুহূর্তে কী করবেন, তিনি এটা জানতেই এসেছেন। ঘটনাটি খুলে বললেন তিনি। তারপর বললেন, আপস-মীমাংসা হয়ে যাওয়ার পর এখন মামলাটি কীভাবে বন্ধ করা যায়।আইনজীবী তাঁকে বলে দিলেন দুটি উপায়। একটি উপায় হচ্ছে, বাদী নিজে স্বপ্রণোদিত হয়ে মামলাটি আদালত থেকে তুলে নিতে পারেন। যেহেতু দেওয়ানি মোকদ্দমা তাই বাদীর আইনজীবী আবেদন করবেন যে মোকদ্দমাটি ভুলবশত এবং ভ্রান্তিমূলকভাবে অন্যের প্ররোচনায় দায়ের করেছেন। এখন তিনি মামলাটি আর চালাতে চান না, তুলে নিতে চান। আদালত এর পরিপ্রেক্ষিতে বাদীর জবানবন্দি নেবেন এবং মামলাটি তুলে নেওয়ার আদেশ দেবেন। আরেকটি উপায় হচ্ছে, বিবাদী মানে ওই লোকটিকে জবাব দাখিল করতে হবে। পরে ধার্য তারিখে আপস-মীমাংসা হয়েছে মর্মে ৩০০ টাকার স্ট্যাম্পে আপসনামা দাখিল করতে হবে।এ ছাড়া দেওয়ানি কার্যবিধির ৮৯ক ধারা অনুযায়ী, সালিসের সুযোগ আছে বলে আপসনামাটি দাখিল করা যেতে পারে। আদালত এর পরিপ্রেক্ষিতে বাদী ও বিবাদীর উপস্থিতিতে আপসমূলে ডিক্রির আদেশ দিতে পারেন। তবে এ জন্য অপেক্ষা করতে হবে।লোকটি জানতে চাইলেন, ‘তাহলে কোনটা ভালো হবে?’আইনজীবী উত্তর দিলেন—‘দেখুন আপনার বোনকে বলুন তাঁর আইনজীবীর মাধ্যমে মোকদ্দমাটি তুলে নিতে। এটাই ভালো হয়।’—‘কিন্তু একজন যে বলল, আমরা যে সাদা কাগজে দস্তখত দিয়ে মীমাংসা করেছি সেটি দেখালেই হবে আদালতে।’—‘আদালতে দাখিল করতে হলে স্ট্যাম্পে করতে হবে। আর এটি জবাব দাখিলের আগে দেওয়ার সুযোগ নেই। আদালতে বললে আদালত প্রথমেই অনুমতি দেবেন না। মামলা তুলে নিলে আপস-মীমাংসা হয়েছে এটি উল্লেখ করার দরকারই পড়ে না। আপসমূলে ডিক্রি এটি আইনের বিধান। আপস করার জন্য নিয়মমাফিক আসতে হবে।’লোকটি বলে উঠলেন, ‘তা হলে বোনকে বলি তিনি যেন এসে মামলাটি তুলে নেন। আপনি একটু সাহায্য কইরেন উকিল সাহেব...।’পাদটীকা: প্রথম ঘটনায় মেয়েটির স্বামীর বিরুদ্ধে মামলা হয় অস্ত্র আইন সংশোধনীর (২০০২) ১৯ক ধারায়। এ ধারা অনুযায়ী পিস্তল, রিভলবার, রাইফেল, শটগান বা অন্যান্য আগ্নেয়াস্ত্র-সম্পর্কিত হয়, তাহলে অভিযুক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে অথবা ১০ বছরের কম নয়, এ রূপ মেয়াদের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন।দ্বিতীয় ঘটনায় দেওয়ানি কার্যবিধির ২৩ আদেশে মোকদ্দমা প্রত্যাহার এবং মীমাংসা সম্পর্কে বলা হয়েছে।[email protected]