দুটি মামলার অধিকতর তদন্তের সময় বাড়ল আরও ১০ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরকদ্রব্য এবং হত্যা মামলায় অধিকতর তদন্তের সময় আরও ১০ দিন বাড়িয়েছেন পৃথক দুটি আদালত। আগামী ৩ জুলাই অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার রাষ্ট্রপক্ষে মামলা দুটির প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান সিআইডির এ আবেদন আদালতে দাখিল করেন। বিস্ফোরকদ্রব্য মামলায় ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল আর হত্যা মামলায় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক চমন চৌধুরী সময় চেয়ে করা আবেদন মঞ্জুর করেন। আবেদনে বলা হয়, মামলা দুটির অধিকতর তদন্ত শেষ পর্যায়ে। এ মামলায় প্রথম শ্রেণীর কয়েকজন সরকারি কর্মকর্তার নাম এসেছে। তাঁদের সম্পৃক্ত করার ক্ষেত্রে সরকারের অনুমতির প্রয়োজন। আর এ আনুষঙ্গিক কাজ শেষ করতে আরও ১০ দিন সময় প্রয়োজন। ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে এক সমাবেশে আওয়ামী লীগের নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নেতা-কর্মীদের হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়। এতে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ ২২ জন নিহত হন।২০০৮ সালের ১১ জুন সিআইডি মামলা দুটির অভিযোগপত্র দাখিল করে। কিন্তু ওই অভিযোগপত্রে হামলায় ব্যবহূত আর্জেস গ্রেনেডের উত্স, সরবরাহকারী এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা আর্জেস গ্রেনেড ধ্বংসের বিষয়টি তদন্তে আসেনি। এ কারণ উল্লেখ করে ২০০৯ সালের ২৫ জুন রাষ্ট্রপক্ষ অধিকতর তদন্তের আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই বছরের ৩ আগস্ট অধিকতর তদন্তের নির্দেশ দেন।