চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকসংক্রান্ত অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলায় মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবরসহ ১১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাঁদের মধ্যে গ্রেপ্তার থাকা নয়জন আসামির উপস্থিতিতে গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান অভিযোগ গঠন করেন। ২৯ নভেম্বর থেকে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়ার আদেশ দেন বিচারক। চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, অভিযোগ গঠনের মধ্য দিয়ে সম্পূরক অভিযোগপত্রভুক্ত ১১ জন আসামির বিরুদ্ধে গতকাল এ মামলা দুটির বিচারকাজ শুরু হলো।এর আগে গত সোমবার থেকে গতকাল পর্যন্ত টানা দুই দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি হয়। গতকাল বিকেল পৌনে চারটায় পিপি কামাল উদ্দিনের বক্তব্য উপস্থাপন শেষ হলে এ ব্যাপারে আসামিদের কোনো বক্তব্য আছে কি না, বিচারক জানতে চান। আসামিরা হাত উঠিয়ে সমস্বরে নিজেদের নির্দোষ দাবি করেন। এ পর্যায়ে বিচারক এস এম মজিবুর রহমান বলেন, ‘প্রসিকিউশন থেকে বলা হয়েছে, এই মামলায় যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ আছে। কী আছে, তা বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদ করে দেখি। সাক্ষ্য-প্রমাণের আগে নিজেকে নির্দোষ বলার সুযোগ নেই। একইভাবে মামলার রায় ঘোষণার আগে আপনাদের দোষী বলা যাবে না। তাই আপনাদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি)/ ২৫ডি ধারায় অভিযোগ গঠন করা হলো। ২৯ নভেম্বর থেকে এই মামলার সাক্ষ্য নেওয়া শুরু হবে।’ সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ছাড়া বাকি আসামিরা হলেন: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, সামরিক গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) তৎকালীন পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআইয়ের সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন ও সাবেক উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন ও মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসীনউদ্দিন তালুকদার ও মহাব্যবস্থাপক এনামুল হক, উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নুরুল আমীন। তাঁদের মধ্যে শেষ দুজন পলাতক। পিপির বক্তব্য: গতকাল পিপি কামালউদ্দিন আহাম্মদ অভিযোগ গঠনের পক্ষে বক্তব্য উপস্থাপনকালে আদালতকে বলেন, এ মামলা সাধারণ কোনো ঘটনার ভিত্তিতে হয়নি। বিশাল অস্ত্র চালান আটকের পর মামলা দুটি হয়েছে। তিনি বলেন, ওই সময় চারদলীয় জোট সরকারের আমলে দায়সারাভাবে ঘটনার তদন্ত করে দুই মাসের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়। তাতে দিনমজুর, শ্রমিক, ক্রেনের চালক ও এলাকার কিছু ব্যক্তিকে আসামি করা হয়। ওইসব ব্যক্তির পক্ষে ১০ ট্রাক অস্ত্র আনার ক্ষমতা ছিল কি না, তা-ও বড় প্রশ্ন। অথচ যাঁদের মদদে অস্ত্র আনা হয়েছে, প্রথম অভিযোগপত্রে তাঁদের কাউকে আসামি করা হয়নি। তদন্তেও তাঁদের নাম আসতে দেওয়া হয়নি।পিপি বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে নাকি নতুন ১১ জন আসামিকে ফাঁসানো হয়েছে। কিন্তু এঁদের বিরুদ্ধে নতুন সাক্ষীরা কোনো রাজনৈতিক দলের সদস্য নয়। বরং তাঁদের সরকারের আমলের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা ভেতর থেকে যা দেখেছেন, তা আদালতে এসে বলেছেন। ওই সরকারি কর্মকর্তারা তাঁদের সরকারের আমলে বিশ্বস্ত লোক হিসেবে পরিচিত। তাই রাজনৈতিকভাবে কাউকে ফাঁসানোর অভিযোগ অবান্তর।’ পিপি আদালতের কাছে ১১ জনের মধ্যে গ্রেপ্তার থাকা নয়জন আসামির বিরুদ্ধে অভিযোগের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বেভৌমত্ব হুমকির মধ্যে ফেলার জন্য অস্ত্রগুলো বাংলাদেশে আনা হয়। এগুলো ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কাছে পাঠানোর কথা ছিল। আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য: পিপির বক্তব্যের আগে গতকাল সাবেক তিনজন গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম ও আকবর হোসেন খানের আইনজীবীরা বক্তব্য উপস্থাপন করেন।এই তিনজন আসামির আইনজীবীরা এ মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা বলে দাবি করেন। তাঁরা বলেন, চারদলীয় জোট সরকারের আমলে মামলার সঠিক তদন্ত হয়। সরকার পরিবর্তনের সঙ্গে অধিকতর তদন্তের নামে নিরীহ সরকারি কর্মকর্তাদের ফাঁসানো হয়েছে। কিছু কর্মকর্তাকে নির্যাতন করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে, যা সরকারি কর্মকর্তা ও দুজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। আসামি পক্ষের আইনজীবীরা বলেন, অধিকতর তদন্তের আদেশে আদালত সাতটি পর্যবেক্ষণ সম্পর্কে জানতে চেয়েছিলেন। এর মধ্যে একটি অর্থাৎ কোন জাহাজে অস্ত্র পরিবহন করা হয়েছে, তা উদ্ঘাটন করেননি সর্বশেষ তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী। অথচ তাঁর আগের তদন্ত কর্মকর্তা সঠিকভাবে তদন্ত করছিলেন। ওই কর্মকর্তা জাহাজের নাম বের করতে সক্ষম হয়েছিলেন। ওই জাহাজের মালিক ও ক্যাপ্টেনকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি, তা আজ বড় প্রশ্ন। এ ছাড়া ঘটনার পর পুলিশের সার্জেন্ট হেলাল ও আলাউদ্দিন একে-৪৭ রাইফেলসহ গ্রেপ্তার হন। তাঁদের এ মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে দেখানো হয়েছে, যা পরিকল্পিত। এর আগে গত সোমবার মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবর, উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন, মেজর (অব.) লিয়াকত হোসেন, মহসীনউদ্দিন তালুকদার ও এনামুল হকের পক্ষে তাঁদের আইনজীবীরা আদালতে বক্তব্য দেন।জোট আমলের অভিযোগপত্রের আসামিরা: ২০০৪ সালের ২ এপ্রিল চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক হয়। এ ঘটনায় দুটি মামলা হয়। একটি অস্ত্র আইনে, অপরটি চোরাচালান মামলা।সিআইডি সূত্র জানায়, বিগত জোট সরকারের আমলে দায়সারাভাবে দাখিল করা অভিযোগপত্রে অস্ত্র মামলায় ৪৩ এবং চোরাচালান মামলায় ৪৫ জনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে মনির আহমদ, ইয়াকুব আলী, আতাউর রহমান ও আবুল কাশেম ওরফে মধু পরে মারা যান। এখন পুরোনো আসামিদের মধ্যে অস্ত্র মামলায় ৩৯ ও চোরাচালান মামলায় ৪১ জন জীবিত আছেন। তাঁদের মধ্যে স্থানীয়ভাবে চোরাচালানি হিসেবে পরিচিত হাফিজুর রহমান ও দীন মোহাম্মদ ছাড়া অন্যদের বেশির ভাগ মালামাল ওঠানো-নামানোকারী শ্রমিক বা ট্রাকশ্রমিক। তাঁদের বিরুদ্ধে জোট সরকারের আমলেই অভিযোগ গঠন করা হয় এবং ২০০৫ সালের ৬ জুলাই সাক্ষ্য নেওয়া হয়।আগের দেওয়া অভিযোগপত্রে সাক্ষী ছিলেন ১০২ জন। সম্পূরক অভিযোগপত্রের পর উভয় মামলায় সাক্ষীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৫ জন।অধিকতর তদন্ত: বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ১২ ফেব্রুয়ারি মামলা দুটির অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। সাড়ে তিন বছরের অধিকতর তদন্ত শেষে সিআইডি চলতি বছরের ২৬ জুন ১১ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয়। সম্পূরক অভিযোগপত্রে ১১ জনসহ এখন ১০ ট্রাক অস্ত্র মামলার মোট আসামি হলো অস্ত্র মামলায় ৫০ ও চোরাচালান মামলায় ৫২ জন।