দুটি মোবাইল ফোনসেটের জন্য খুন হয় কিশোর আলিফ
মোবাইল ফোনসেট না নিতে অনুরোধ করায় পরিচিত তিন কিশোরের হাতেই খুন হয় মোহাম্মদ আলিফ (১৪)। গতকাল বুধবার ভোরে নগরের দামপাড়া এলাকা থেকে গ্রেপ্তার হওয়া দুই কিশোর পুলিশ ও সাংবাদিকদের কাছে এ তথ্য জানায়। গ্রেপ্তার হওয়া কিশোরেরা হলো বাদশা ওরফে বশিরা (১৭) ও মোহাম্মদ সেলিম (১৭)। হত্যাকাণ্ডে জড়িত আরেক কিশোরকে পুলিশ খুঁজছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত আলিফ নগরের জিইসি মোড়ে অবস্থিত পুরোনো লোহা-লক্কড়ের দোকানের (ভাঙারি দোকান) কর্মচারী ছিল। ৫ ফেব্রুয়ারি বাদশা ও সেলিমসহ তিন কিশোর তাকে শ্বাসরোধের পর মাথায় বাটখারা দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মোবাইল ফোনের সূত্র ধরেই গতকাল ভোরে দুই কিশোরকে পুলিশ গ্রেপ্তার করে। এর আগে গ্রিল কেটে দোকানে ঢোকে বাদশা ও সেলিমসহ তিন কিশোর। আলিফকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে হত্যা করে তারা। হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে বাদশা কোতোয়ালি থানায় পুলিশের উপস্থিতিতে প্রথম আলোকে জানায়, মৃত্যুর আগে আলিফ এক হাজার ২০০ টাকা দিয়ে বলে, ‘তোরা আমার সব টাকা নিয়ে যা। শুধু এই দুইটা মোবাইল নিস না। এগুলো এক লোক চার্জ করাতে দিয়ে গেছে। ওই লোক পরে মোবাইল নিতে আসবে।’ বাদশা আরও বলে, ‘জিইসি মোড়ের দোকানে আমি আলিফের পা চেপে ধরি। আর সেলিম ও তার এক সহযোগী (বাদশা ওই কিশোরের নাম জানে না) কাপড় দিয়ে আলিফের গলা পেঁচিয়ে ধরে রাখে। পরে পাঁচ কেজি ওজনের বাটখারা দিয়ে আমি আলিফের মাথায় আঘাত করি। চার-পাঁচ মিনিটের মধ্যে আলিফ মারা গেলে টাকা, দুটি মোবাইল ফোনসেট ও রুপার চেইন নিয়ে চলে যাই।’ কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোহসীন প্রথম আলোকে বলেন, ‘বাদশার পরিচিত একটি মেয়েকে আটক করার পর হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশ তথ্য পায়। তবে এ ঘটনায় জড়িত আরেক কিশোরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি।’ বাদশার পরিচিত ওই মেয়ে প্রথম আলোকে বলে, ‘বাদশা রিকশাচালক। একসময় ও খুব ভালো ছিল। নেশার কারণে সেলিমের সঙ্গে মিশে সে খারাপ হয়ে গেছে।’ সে আরও বলে, ‘আলিফকে খুন করার পর বাদশা ৬ ফেব্রুয়ারি ভোরে আমাদের বাসায় আসে। আলিফের কাছ থেকে লুট করা একটি মোবাইল ফোনসেট আমার বাবার কাছে বিক্রি করতে চেয়েছিল। কিন্তু বাবা তা নেননি। আর হত্যাকাণ্ড সম্পর্কে আমাকে সবকিছু বলে দেয় বাদশা।’ পুলিশ সূত্রে জানা যায়, সেলিম দামপাড়া পুলিশ লাইন ক্যান্টিনে কাজ করে। ক্যান্টিনে পুলিশের খাওয়ার পর বাড়তি ভাত-তরকারি সে বাইরে বিক্রি করত। বাদশা এ ভাত-তরকারির একজন নিয়মিত গ্রাহক। সেই সূত্র ধরে বছরখানেক আগে তাদের পরিচয়।