আপিল বিভাগে সংবিধানের পঞ্চম সংশোধনীর বিষয়ে রায়ের পর আমরা প্রায় সবাই নিশ্চিত ছিলাম যে সপ্তম সংশোধনীকে বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা সময়ের ব্যাপার মাত্র। যেহেতু পঞ্চম সংশোধনীর মতো সপ্তম সংশোধনীও একই ধরনের। অর্থাৎ সামরিক ক্ষমতা দখল ও ক্ষমতা দখলের চার বছর পর সংবিধান সংশোধন করে সেটা বৈধ করার চেষ্টা ছিল, সেহেতু আদালত এটাকেও বেআইনি ঘোষণা করবেন। ২৬ আগস্টের রায়ে সেটাই হয়েছে।১৯৮২ সালে তত্কালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ ক্ষমতা দখল করেছিলেন। ’৮৬ সালের নির্বাচনের পর যে সংসদ বসল, সেই সংসদের প্রথম আইনে বলা হয়, এরশাদের আগের চার বছরে যত কাজ হয়েছিল, আইন-ফরমান জারি হয়েছিল, সেগুলো সংবিধানসম্মত বলে ধরা হবে। আপিল বিভাগের রায়ে সে সংশোধনীটিই এখন বাতিল হলো। অর্থাৎ এরশাদের এই কাজগুলো প্রথম থেকেই অসাংবিধানিক ছিল, এখনো সেগুলো অসাংবিধানিক থেকে গেল।সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করা দুই রায় থেকে এটা স্থির হলো যে ভবিষ্যতে অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় এসে সেটাকে বৈধতা দেওয়ার চেষ্টা এ দেশে আর কার্যকর হবে না। আমি নিশ্চিত যে ভবিষ্যতে এটা জনগণ কখনো মেনে নেবে না। ওই সরকার এ কাজকে বৈধতা দিতে চাইলেও প্রথম দিন থেকেই সবাই জানবে যে এটা অবৈধ।অতীতে একটা ধারণা ছিল, একটি অবৈধ কাজ যদি সংসদে পাস হয়ে যায়, তাহলে সেটা বৈধ হয়ে যাবে। ছোটখাটো অন্যায়-বিচ্যুতির ক্ষেত্রে এটা হতে পারে। কিন্তু দেশ পরিচালনার মতো বিষয়ে নয়। দেশ পরিচালনা করবে জনগণের নির্বাচিত প্রতিনিধি। এর কোনো বিকল্প নেই। এর বিকল্প হিসেবে কেউ এলেও এটা বৈধ হবে না, সিদ্ধ হবে না। এই জিনিসটাই রায়ে প্রতিষ্ঠিত হলো।এ দুটি রায়ের অন্য একটি দিকও আছে। যাঁরা অবৈধ, অসাংবিধানিকভাবে বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতা দখল করেছিলেন, তাঁদের কী হবে? এ প্রশ্নটা যেহেতু রায়ের ব্যাপার ছিল না, সেহেতু এ বিষয়ে রায়ে সরাসরি কিছু বলা হয়নি। কিন্তু আমার দৃষ্টিতে জোর করে ক্ষমতা দখল সাংবিধানিকভাবে অবৈধ হয়ে গেছে। দণ্ডবিধিতেও এটা অপরাধ। একই অপরাধ সংঘটনের জন্য বিচার হওয়াটাই খুবই স্বাভাবিক হবে। আইনে আছে, দেশের আইন দ্বারা প্রতিষ্ঠিত বৈধ সরকারকে জোর করে উত্খাত করার চেষ্টা দণ্ডবিধির ১২৩ ও ১২৪ ধারা অনুযায়ী সবচেয়ে বড় অপরাধ। এখন অপরাধ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের দায়িত্ব। আইন দ্বারা প্রতিষ্ঠিত বৈধ সরকারকে উত্খাত করায় যাঁরা জড়িত ছিলেন, তাঁদের এখন বিচার হওয়া উচিত। এরশাদ যে সরকারকে সরিয়েছিলেন, সেই বিচারপতি সাত্তারের সরকার আইন দ্বারা প্রতিষ্ঠিত বৈধ সরকার ছিল।রায়ে বলা হয়েছে, সংসদ এ ব্যাপারে বিবেচনা করে আইন পাস করবে। তবে আমাদের যে আইন আছে, সেটাই পর্যাপ্ত। আমার কাছে এখন নতুন আইন করার প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না।আমাদের দেশ হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এর অর্থ, এ দেশের পরিচালনা জনগণ দ্বারা নির্বাচিত ব্যক্তিরা করবেন। এখন যাতে যেকোনো কারণে যেকোনো অবস্থায় কখনো কেউ জনগণের ভোটে নির্বাচিত না হয়ে কেউ ক্ষমতা দখলের চিন্তা না করেন, সে জন্য সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনীর এই দুটি রায় বড় মাইলফলক হয়ে থাকবে।এখন প্রশ্ন হলো, এই রায়ের রাজনৈতিক প্রতিক্রিয়া কী হতে পারে। যাঁদের বিরুদ্ধে এ দুটি রায় গেছে, তাঁরা দেশের প্রতিষ্ঠিত ও বড় রাজনৈতিক শক্তি। কিন্তু যেকোনো বড় রাজনৈতিক দলে অন্যায়কারী, আইন ভঙ্গকারী, এমনকি হত্যাকারীও থাকতে পারেন। এখন এসব ব্যাপারে রাজনৈতিক দলের অবস্থান কী হবে? আমার মনে হয়, ভালো-মন্দ মিলিয়েই রাজনৈতিক দল। কোনো দলে যদি কিছু লোক অপরাধী হিসেবে চিহ্নিত হন, তখন ওই দলের কিছু লোকের অপরাধের বোঝাটা মাথায় নেওয়াটা বোকামি।