দুটি স্থান থেকে ৬৩ জনকে উদ্ধার, সবাই সুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ধসে যাওয়া ভবনের পেছন দিকে দুটো জায়গায় গতকাল বৃহস্পতিবার রাতে ৬৩ জনের সন্ধান পাওয়া যায়। উদ্ধার তত্পরতা চালিয়ে রাতেই সেখান থেকে ৪৩ জনকে উদ্ধার করা হয়। আজ শুক্রবার দুপুর পর্যন্ত উদ্ধার করা হয় আরও ২০ জনকে।এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের নাম লিপিবদ্ধকারী চিকিত্সক এজাজ আহমেদ জানান, উদ্ধার করা ৬৩ জনের প্রায় সবাই সুস্থ, তাঁরা বাড়ি ফিরে গেছেন।এর আগে গতকাল বুধবার রাতে সাভারে উদ্ধারকাজের তদারককারী সেনা কর্মকর্তা লে. কর্নেল এস এম সোলায়মান বলেন, ভবনের পেছন দিকে দুটো জায়গায় প্রায় ৬৩ জনের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে একটি জায়গায় ৪০ জন, অন্য জায়গায় ২৩ জন। ওই জায়গায় ভবনের ওপর থেকে ৫০০ ফুট একটি পাইপ দিয়ে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়। ওই পাইপ দিয়ে তাঁদের খাবারও পাঠানো হয়। গত বুধবার সকালে সাভারের রানা প্লাজা নামের নয়তলা ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৯৬ জনে পৌঁছেছে। ভবনটির তৃতীয় থেকে অষ্টম তলা পর্যন্ত ছিল পোশাক কারখানা। নিচের দুটি তলায় বিপণিকেন্দ্র, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় ছিল। হরতালের কারণে বিপণিকেন্দ্র বন্ধ ছিল। ভবনে ফাটল ধরায় ব্যাংকটি আগের দিনই তাদের কার্যক্রম গুটিয়ে নেয়।ধসে পড়া ভবনের তৃতীয় তলায় আগের দিন ফাটল দেখা গিয়েছিল। এ জন্য পোশাক কারখানার শ্রমিকেরা ঘটনার দিন কাজে যোগ দিতে চাননি। মালিকেরা কাজে যোগ দিতে বাধ্য করেছেন বলে আহত শ্রমিকেরা দাবি করেছেন।