দুটি সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনেসহ নিহত ৫
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ বৃহস্পতিবার ভোরে বাসের চাপায় মামা ও ভাগনে নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে ঢাকা-সিলেট মহাসড়কে আজ ভোর পাঁচটার দিকে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। টঙ্গীতে নিহত ব্যক্তিরা হলেন যশোরের চৌগাছা থানার টেংগুরপাড়া এলাকার রমজান আলীর ছেলে তোতা মিয়া (২৬) ও তাঁর ভাগনে মো. ইমন (৮)। তাঁরা টঙ্গীর দত্তপাড়া এলাকায় ভাড়া থাকতেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, যশোর থেকে বাসে তোতা মিয়া তাঁর বোন ও দুই ভাগনেকে নিয়ে আজ ভোরে ঢাকার আবদুল্লাহপুর পৌঁছান। সকাল সোয়া ছয়টার দিকে রিকশায় করে টঙ্গীর স্টেশন রোডের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা প্রভাতী-বনশ্রী পরিবহনের একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে চাপা দেয়। এতে রিকশাচালকসহ চারজন আরোহী গুরুতর আহত হন। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে প্রথমে টঙ্গী হাসপাতাল নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তোতা মিয়া ও ইমন মারা যান। আহত ব্যক্তিরা হলেন তোতা মিয়ার বোন মিনু আক্তার, অপর ভাগনে শাকিব ও রিকশাচালক। রিকশাচালকের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যায়।পুলিশ লাশ দুটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে ঢাকা-সিলেট মহাসড়কে ভোর পাঁচটার দিকে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়। হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলায় এ দুর্ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, দুর্ঘটনায় নিহত তিন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।