দুটি হত্যা মামলা তদারকি সেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারদলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের অস্ত্রের গুলিতে আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদ নিহত হন। এই মামলার তদন্ত চলছে ধীরগতিতে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি দুই মাসে তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তের আর কোনো অগ্রগতি নেই।বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার বিচার থেমে আছে হাইকোর্টের নির্দেশে। ২০০৮ সালের পর থেকে দফায় দফায় এই মামলার স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। বর্তমানে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ বিচারাধীন।এ দুটি আলোচিত মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে তদারকি সেলে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার তদারকি সেলের ৬৮তম বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়।জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রথম আলোকে বলেন, দুটি মামলাই খুব আলোচিত। দ্রুত বিচার নিশ্চিত করতে মামলা দুটি তদারকি সেলে আনা হচ্ছে। তিনি বলেন, ‘সাব্বির হত্যা মামলার বিচার পুনরায় শুরু করার জন্য পদ্ধতি বের করতে হবে। এই মামলার বিচার যেন দ্রুত হয়, সে জন্য আমরা কার্যকর ব্যবস্থা নেব এবং তদারকি করব। এ ছাড়া কেন এই মামলা এত দিন ঝুলে ছিল, সে বিষয়েও তদন্ত করা হবে।’ইব্রাহিম হত্যা মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, এই মামলাটি চাঞ্চল্যকর হত্যা মামলা হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া খুবই জরুরি। আশা রাখি, আগামী বৈঠকে এটি চাঞ্চল্যকর হত্যা মামলা হিসেবে অন্তর্ভুক্ত হবে। এ জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’ইব্রাহিম হত্যা: ইব্রাহিম হত্যা মামলার তদন্ত করছে সিআইডি। কিন্তু তদন্তের দায়িত্ব পাওয়ার পরও সাংসদ নুরুন্নবী চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা তো দূরের কথা, সাজানো মামলার বাদী সাংসদের গাড়িচালককে পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেনি সিআইডি।ইব্রাহিমের স্ত্রী রিনা ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এত দিনেও তদন্তের কোনো কিনারা হলো না কেন, সেটা আমরা জানি না। আশা করি, এবার বিচার পাব।’ইব্রাহিম আহমেদ গত ১৩ আগস্ট সাংসদ নুরুন্নবীর লাইসেন্স করা পিস্তলের গুলিতে জাতীয় সংসদ এলাকার সাংসদের গাড়ির ভেতরে নিহত হন। এরপর তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ না করে ওই দিন রাতেই সাংসদের গাড়িচালক আবুল কালাম ওরফে কালা বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় অপমৃত্যুর মামলা করেন। পুলিশ মামলার তদন্ত শুরু করলেও ১৭ আগস্ট তদন্তকাজ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আসে। ডিবি তদন্তে নিশ্চিত হয়, ইব্রাহিম খুন হয়েছেন এবং এ ঘটনা ধামাচাপা দিতে গাড়িচালক অপমৃত্যুর মামলা সাজিয়েছেন। এরপর ডিবির পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়। তবে তদন্তের একপর্যায়ে এ নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় ১৮ সেপ্টেম্বর এর তদন্তের ভার ডিবির হাত থেকে সিআইডিকে দেওয়া হয়।সূত্র জানায়, সিআইডির হাতে তদন্ত আসার পর সাংসদের ঘনিষ্ঠ সহযোগী মাজহারুল ইসলাম ওরফে মিঠু, দেলোয়ার হোসেন ও যুবলীগের কর্মী গোলাম মোস্তফা ওরফে শিমুলকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডির কর্মকর্তারা জানান, গ্রেপ্তার করা আসামিদের জিজ্ঞাসাবাদ থেকে সিআইডি নিশ্চিত হয়েছে, ইব্রাহিম নিহত হওয়ার পর যেসব ঘটনা ঘটেছে, তার সবই হয়েছে সাংসদের নির্দেশে।জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ‘এই মামলার তদন্তে সাংসদ নুরুন্নবীকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে কবে হবে, সেটা এখনো ঠিক করা হয়নি।’অভিযোগ আছে, চাপের মুখে শুরু থেকেই মামলাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়। ইব্রাহিম খুন হলেও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ না করে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে মামলা করা হয়। এরপর ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই পুলিশ হত্যা মামলা দায়ের করে। আবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে ইব্রাহিম হত্যাকাণ্ডের সঙ্গে সাংসদ জড়িত নন বলে দাবি করেছিলেন। এর আগে ১৮ আগস্ট ইব্রাহিমের ছোট ভাই মাসুম আহমেদ বাদী হয়ে নুরুন্নবী চৌধুরীসহ আটজনের নাম উল্লেখ করে আদালতে হত্যা মামলা করেন। তবে আদালত এই মামলার ব্যাপারে কোনো নির্দেশনা দেননি।সাব্বির হত্যা মামলা: বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলাও তদারকের নির্দেশ দেন।যোগাযোগ করা হলে সাব্বিরের বাবা হাশেম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা কোন দেশে আছি? আমি আমার পুত্র হত্যার বিচার চাইলাম আর আদালত বিচার বন্ধ রাখার নির্দেশ দিলেন। কোনো হত্যার বিচার বন্ধ রাখার নির্দেশ দেওয়ার এখতিয়ার আদালতের আছে কি না, জানতে চেয়ে তিনি প্রশ্ন করেন, ‘আল্লাহর বিচারের জন্য অপেক্ষা করা ছাড়া আর কী করার আছে?’সাব্বির ২০০৬ সালের ৪ জুলাই নৃশংসভাবে খুন হন। পুলিশ এই হত্যাকাণ্ডে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের (শাহ আলম) ছেলে সানবীরের জড়িত থাকার প্রমাণ পেয়ে তাঁর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। সিআইডির সহকারী পুলিশ সুপার আরমান আলী ২০০৮ সালের ১২ মে এই মামলার অভিযোগপত্র দাখিল করেন। এতে সাফায়াত সোবহান সানবীর, হুমায়ুন কবির, নূরে আলম, খায়রুল হাসান ওরফে উজ্জ্বল ও সামছুদ্দিন আহমেদকে অভিযুক্ত করা হয়। আসামিদের মধ্যে খায়রুল ও সামছুউদ্দিন জামিনে আছেন। সানবীরসহ অন্য তিনজন পলাতক। আদালত পলাতক আসামিদের মালামাল ক্রোক করার নির্দেশ দেন।জানতে চাইলে সিআইডির সহকারী পুলিশ সুপার আরমান আলী বলেন, এটি বিচারাধীন মামলা। এ প্রসঙ্গে কোনো মন্তব্য করা ঠিক হবে না।তবে, এই হত্যা মামলার কার্যক্রম বর্তমানে স্থগিত আছে। আদালত সূত্র জানায়, আসামি সামছুদ্দিন আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। ২০০৮ সাল থেকে এ পর্যন্ত কয়েক দফা মামলার কার্যক্রমের স্থগিতাদেশ বর্ধিত করা হয়।ঘুষ প্রসঙ্গ: সাব্বির হত্যা মামলা থেকে সানবীরের নাম বাদ দিতে বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলম তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ২১ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ঘুষ লেনদেনের ঘটনায় সিআইডি ২০০৮ সালের ৮ মে রমনা থানায় মামলা করে। মামলায় শাহ আলমসহ চারজনকে আসামি করা হয়। পরে সিআইডি বাবর, শাহ আলম, সানবীর, ব্যবসায়ী কাজী সলিমুল হক কামালসহ সাতজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। তবে বাবরের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই মামলার কার্যক্রম স্থগিত করেন।১০টি চাঞ্চল্যকর মামলা: গতকালের বৈঠকে আদাবরের রকিব নেওয়াজ শেখ হত্যা মামলা ও গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম হত্যা মামলাকে চাঞ্চল্যকর হত্যা মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে ১০টি চাঞ্চল্যকর হত্যা মামলা নিয়ে আলোচনা হয়েছে। এগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুক হোসেন হত্যা মামলা, আদাবরে অহিদুজ্জামান রুমিছ হত্যা মামলা, সূত্রাপুরে বংশাল থানার এসআই গৌতম রায় হত্যা মামলা, চট্টগ্রামে স্কুলছাত্রী তানজিনা সুলতানা পলি ধর্ষণ ও হত্যা মামলা, চট্টগ্রামে এইচ আরসি শিপিংয়ের জাহাজ এমভি বঙ্গবিরাজের থার্ড অফিসার মুসা বিন সিরাজ হত্যা মামলা, গুলশানে শিশু আলিফ হোসেন হত্যা মামলা, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে মফিজুর রহমান হত্যা মামলা, ইঞ্জিনিয়ার এস এম শফিক-উল মওলা হত্যা মামলা, গণতন্ত্রী পার্টির সভাপতি নূরুল ইসলাম ও তাঁর ছেলে ইসলাম তমোহরকে আগুনে পুড়িয়ে হত্যা মামলা। স্বরাষ্ট্রমন্ত্রী এসব মামলার তদন্ত করে দ্রুত পুলিশ প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।