দুটো গ্র্যামি জিতলেন এ আর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রাজের মোজার্ট হিসেবে খ্যাত ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান এ বছর দুটো গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। আর এ দুটো পুরস্কারই এসেছে গত বছর বহু পুরস্কারে ভূষিত স্লামডগ মিলিয়নেয়ার ছবির জন্য। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত সংগীতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডের ৫২তম অনুষ্ঠানে এ আর রহমানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিবিসি জানায়,পুরস্কার নেওয়ার সময় রহমান বলেন, ‘এটি স্রেফ পাগলামি। ঈশ্বর সত্যি মহান।’শ্রেষ্ঠ চলচ্চিত্র সংগীত হিসেবে অস্কার বিজয়ী স্লামডগ মিলিয়নেয়ার ছবির ‘জয় হো’ গানের কম্পোজার ও শ্রেষ্ঠ চলচ্চিত্র সংগীত পরিচালনার জন্য এ আর রহমান এ দুটো পুরস্কার পেলেন।গত বছর রহমান দুটো অস্কার, একটি ব্রিটিশ একাডেমী ফিল্ম অ্যাওয়ার্ড (বাফটা) ও একটি গোল্ডেন গ্লোব পুরস্কার পান। গ্র্যামি অ্যাওয়ার্ডে রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন স্টিভ জর্ডান, কোয়েন্টিন তারান্তিনোর মতো বিশ্ববিখ্যাত সংগীত পরিচালকেরা। স্টিভ জর্ডান তাঁর ‘ক্যাডিলাক রেকর্ডস’, কোয়েন্টিন তাঁর ‘ইংগ্লোরিয়াস বাস্টার্ডস’ নিয়ে আর রকস্টার ব্রুস স্প্রিংস্টেন ছিলেন যথাক্রমে শ্রেষ্ঠ সংগীত ও শ্রেষ্ঠ গান ক্যাটাগরিতে।৪৪ বছর বয়স্ক অসাধারণ মেধাবী এই ভারতীয় সংগীতজ্ঞ ১৭ বছর ধরে সংগীত পরিচালনা করছেন। তিনিই প্রথম ভারতীয় সংগীতজ্ঞ, যিনি চলচ্চিত্রের সংগীত পরিচালনার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন। এর আগে ভারতীয় সেতারশিল্পী পণ্ডিত রবি শংকর, গিটারবাদক বিশ্ব মোহন ভাট ও তবলাবাদক জাকির হোসেন এ স্বীকৃতি পান। তবে এ বছর গ্র্যামি অ্যাওয়ার্ডে সবচেয়ে বেশি পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের পপতারকা বিয়ন্সে নোয়েলস তাঁর রিদম অ্যান্ড ব্লুস ধাঁচের সংগীতের জন্য। বিয়ন্সে জিতেছেন চারটি গ্র্যামি। একক নারীশিল্পী ক্যাটাগরিতে তিনি পেয়েছেন বছরের সেরা গান ও শ্রেষ্ঠ রিদম অ্যান্ড ব্লুস সংগীতের পুরস্কার। চারটি গ্র্যামি জিতে দ্বিতীয় অবস্থানে আছেন ২০ বছর বয়সী যুক্তরাষ্ট্রের অপর সংগীত তারকা টেইলর সুইফট।