দুদক আইন সংশোধনের বিরুদ্ধে হিউম্যান রাইটস ওয়াচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তা ও ক্ষমতাসীনদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার তাগাদা দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি আজ শনিবার তাদের এক প্রতিবেদনে দুদকের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপের উদ্দেশ্যে আনা সংশোধনী প্রস্তাব প্রত্যাহারের দাবিও জানিয়েছে। ২০০৪ সালে দুদক প্রতিষ্ঠিত হয়। দুদকের কার্যক্রম পর্যালোচনার জন্য ২০০৯ সালে মন্ত্রিসভা একটি কমিটি করে। ওই কমিটি দুর্নীতির অভিযোগে কোনো সরকারি কর্মকর্তা ও সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে সরকারের অনুমতি নেওয়ার বিধান অন্তর্ভুক্ত করে দুদক আইন সংশোধনের প্রস্তাব করেছে। এ ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘জনপ্রশাসনে দুর্নীতি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা, যা সরকারের ওপর জনগণের আস্থা নষ্ট করছে এবং আইনের শাসন, পুলিশ, সেনাবাহিনীসহ নানা প্রতিষ্ঠানের সংস্কারের লক্ষ্যে নেওয়া নানা উদ্যোগকে ব্যাহত করছে।’ দুদক আইনে উপরোল্লিখিত সংশোধন আনা হলে জনগণ ভাববে সরকার দুর্নীতি দমন করতে আন্তরিক নয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ টানা কয়েক বছর শীর্ষ অবস্থানে ছিল। ২০০৮ সালের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রচারাভিযানের সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিল। এটি ছিল তাদের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার অনেকেই দুর্নীতি বন্ধ করতে তাঁদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। কিন্তু সংসদে তথ্য অধিকার আইন পাস করা ছাড়া এ ক্ষেত্রে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা শত শত মামলা প্রত্যাহার করেছে। রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় এসব মামলা প্রত্যাহার করা হয়। কিন্তু বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে করা একই ধরনের মামলা প্রত্যাহার করেনি সরকার। গত ২৪ মার্চ আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছিলেন, মার্চের পর সরকার রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আর কোনো মামলা প্রত্যাহারের আবেদন গ্রহণ করবে না। তিনি জানান, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটি এ পর্যন্ত চার হাজার ১৪৩টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে, যার মধ্যে দুদকের দায়ের করা ২২৩টি মামলাও রয়েছে।ব্র্যাড অ্যাডামস বলেন, বাংলাদেশে ক্ষমতাসীনেরা সব সময়ই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে আইনের অপপ্রয়োগ করেন। এ সমস্যার সমাধান করতে হলে সরকারের উচিত এমন উদ্যোগ নেওয়া যাতে মনে হয়, তারা দলীয় লোকের পক্ষে কাজ করছে না। সরকারের উচিত হয়রানিমূলক মামলা খারিজের কাজটি বিচার বিভগের হাতে ছেড়ে দেওয়া।বাংলাদেশের আইনি কাঠামোতে সরকারি কর্মকর্তাদের জবাবদিহির বাধ্যবাধকতা এমনিতেই কম। ব্রিটিশ আমল থেকে চলে আসা ক্রিমিনাল প্রসিডিউর কোডের ১৯৭ ধারায় বলা হয়েছে, কোনো কর্মকর্তা তাঁর নিজের দাপ্তরিক ক্ষমতার মধ্যে থেকে কোনো অপরাধমূলক কাজ করলে সেটা অপরাধ বলে বিবেচ্য হবে না। আর সেটাকে অপরাধের পর্যায়ে ফেলতে হলে সরকারের অনুমতি নিয়ে পদক্ষেপ নিতে হবে। ওই ধারা এবং এমন আরও কিছু আইনের কারণে দায়মুক্তির এক সংস্কৃতির সৃষ্টি হচ্ছে, যার ফলে মানবাধিকার লঙ্ঘন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতন এবং বিভিন্ন অপরাধ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পার পেয়ে যাচ্ছে। ব্র্যাড অ্যাডামস দুদক আইনের প্রস্তাবিত সংশোধন বাতিলের কথা বলেছেন। একই সঙ্গে তিনি বলেন, ১৯৭ ধারার মতো প্রচলিত যেসব আইনের কারণে আইনের সমপ্রয়োগ বাধাগ্রস্ত হচ্ছে এবং সরকারি কর্মকর্তারা আইনের ঊর্ধ্বে থাকছেন, সেগুলো বন্ধ করা প্রয়োজন।