দুদক আইন সংস্কার করতে কাজ করছে সরকার
সরকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। তবে অন্য কমিশনগুলো যেভাবে আইনি কাঠামোর অধীনে কাজ করে, দুদককেও তা করতে হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান ও আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানানো হয়।এর আগে দুদকের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, সরকার এমন কোনো আইন করবে না, যাতে কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা খর্ব হয়। তিনি আরও বলেন, সরকার দুদক আইন সংস্কারের জন্য একটি কমিশন গঠন করেছে। এই কমিশন বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে, যা দুদকের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে। এটা দুদকের স্বাধীনতাকে খর্ব করবে।গোলাম রহমান বলেন, ২০০৪ সালের দুদক আইনের ধারাগুলোর মধ্যে কিছু অসামঞ্জস্য আছে, কিছু ঘাটতি আছে, যা দুদকের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করছে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় একটি অধ্যাদেশ জারি করে দুদককে শক্তিশালী করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ওই অধ্যাদেশটি পাস না করে আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে।এ সময় দুদকের অন্য দুই কমিশনার আবুল হাসান মঞ্জুর মান্নান ও হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।পরে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, দুদক আইন সংস্কারের বিষয়ে সরকার ও কমিশনের গঠিত দুই কমিটির প্রস্তাব নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতি দমনে বদ্ধপরিকর। কিন্তু গত তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতি নয়, রাজনীতি দমনের কাজে দুদককে ব্যবহার করেছে।