বার্ষিক প্রতিবেদন দিতে হবে রাষ্ট্রপতির কাছে, সংসদেও উপস্থাপন করতে হবে
দুদক আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জবাবদিহির বিষয়টি সরাসরি উল্লেখ না থাকলেও এই প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দুদকের প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করার বিধানও রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে দুদক (সংশোধন) আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্র জানায়, দুদকের জবাবদিহির বিষয়টি আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জাতীয় সংসদে চূড়ান্তভাবে নিষ্পত্তি করার কথা বলা হয়েছে। মন্ত্রিসভার গতকালের বৈঠকে এ নিয়ে দীর্ঘ আলোচনা হলেও কোনো প্রস্তাব করা হয়নি।দুদকের জবাবদিহি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। গত তত্ত্বাবধায়ক সরকার দুদক আইনের যে খসড়া করে, তাতে এই প্রতিষ্ঠানকে কারও কাছে জবাবদিহির বিধান রাখা হয়নি। বর্তমান সংসদ আইনটিকে অনুমোদন না দেওয়ায় তা বাতিল হয়ে যায়। বর্তমান সরকার নতুন করে দুদক আইনের খসড়া প্রণয়ন করে। এর আগে আইনটি মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের সময় দুদককে রাষ্ট্রপতির কাছে জবাবদিহির বিধান রাখা হয়। তবে গতকাল চূড়ান্ত অনুমোদনের সময় জবাবদিহি নিয়ে সরাসরি কিছু বলা হয়নি।এ সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, দুদকের জবাবদিহির বিষয়টি রাষ্ট্রপতি বা জাতীয় সংসদ সরাসরি কারও কাছে রাখার কোনো বিধান রাখা হয়নি। অন্য কমিশন যেভাবে তাদের কর্মকাণ্ডের প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে দাখিল করে এবং তা সংসদে উপস্থাপিত হয়, দুদকের ক্ষেত্রেও তা-ই হবে।তবে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করে, দুদকের কাজের প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করা হলে তা প্রকারান্তরে সংসদের কাছেই জবাবদিহির নামান্তর।প্রস্তাবিত আইন সম্পর্কে জানতে চাইলে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, ‘মন্ত্রিসভায় অনুমোদিত আইনে দুদককে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন দেওয়ার যে বিধান রাখা হয়েছে, তা ঠিক আছে। একে স্বাগত জানাই।’ তিনি মনে করেন, বর্তমান সরকার দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করে ক্ষমতায় এসেছে। সেই সরকার ও সংসদ এমন কোনো আইন প্রণয়ন করবে না, যা দুর্নীতি দমনে প্রতিবন্ধক হয়।সূত্র জানায়, দুদক আইনের খসড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করতে হলে সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দুদকে কেউ মিথ্যা অভিযোগ করলে অভিযোগকারী ব্যক্তির বিরুদ্ধে পাঁচ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। সংশোধনী আইনে দুদকের নিম্ন পর্যায়ের কর্মকর্তারা সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারবেন না। সমমানের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করতে পারবেন।সূত্র জানায়, সংশোধনী আইনে কমিশনের সঙ্গে দেশি-বিদেশি সংস্থার চুক্তি করার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। তবে কমিশন নিজস্বভাবে সচিব নিয়োগ করতে পারবে। যদিও খসড়ায় সচিব নিয়োগের ক্ষমতা সরকারের হাতে দেওয়ার প্রস্তাব করা হয়েছিল, গতকালের বৈঠকে তা বাতিল করা হয়। সচিব কমিশনের মুখ্য হিসাব কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।সূত্র জানায়, খসড়ায় স্বশাসিত শব্দটি বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে যুক্তি দেখানো হয়েছে, স্বশাসিত প্রতিষ্ঠান নিজের আয় থেকে ব্যয় নির্বাহ করে থাকে। কিন্তু দুদকের নিজস্ব কোনো আয় নেই। এই প্রতিষ্ঠান সরকারের অর্থ দিয়েই চলে। তাই প্রতিষ্ঠানটি স্বশাসিত হবে না। কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদের গোপন তথ্যাদি কমিশনকে না দিলে কমিশন তাদের ওপর চাপ প্রয়োগ করতে পারবে না। আইনে বলা হয়েছে, কোনো সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব আইন ও রেকর্ডে তাদের তথ্যাদি অন্য সংস্থাকে না দেওয়ার বিধান রয়েছে। তাই দুদক কোনো তথ্য না পেলে চাপ প্রয়োগ করতে পারবে না।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, খসড়ায় ১০টি বিষয়ে সংশোধনী আনা হয়েছে। অভিযোগ অনুসন্ধান ও তদন্তের জন্য কমিশন সরকারি সংস্থা থেকে দক্ষ কর্মকর্তা নিতে পারবে। ১২০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে না পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পরিবর্তন করা হবে এবং নির্ধারিত সময়ে প্রতিবেদন দিতে না পারলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।ইজিপি অনুমোদন: প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ইজিপি) নীতিমালার খসড়া অনুমোদন এবং পরিসংখ্যান আইনের খসড়া নীতিগত অনুমোদন করা হয়েছে।বৈঠকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইন, ২০১১ নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। প্রস্তাবটি আরও পরীক্ষা-নিরীক্ষা করে পরের বৈঠকে উপস্থাপন করতে বলা হয়। এ ছাড়া খুলনা হার্ডবোর্ড মিলের কাঁচামাল হিসেবে সুন্দরবন থেকে জ্বালানি কাঠ গরান সংগ্রহ ও সরবরাহের প্রস্তাব মন্ত্রিসভা নাকচ করে দিয়েছে।প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, সুন্দরবন রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে কোনোভাবেই সুন্দরবনের কাঠ সংগ্রহ করা যাবে না। মিলটি যেভাবে জ্বালানি সংগ্রহ করে চলছে, সেভাবেই চলবে। শ্রমিকদের স্বার্থে মিলটি চালু রাখতে হবে, বন্ধ করা যাবে না।