দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনের দুটি ধারার বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। সম্পদের তথ্য গোপন ও আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাজা-সংক্রান্ত আইনের ২৬(২) ও ২৭(১) ধারা দুটি কেন বেআইনি ও সংবিধান-পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে সরকার ও দুদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।দুদক আইনের ২৬(২) ধারায় সম্পদের বিষয়ে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দেওয়ার কারণে তিন বছর কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের কথা বলা আছে। আর ২৭(১) ধারায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তির দখল বিষয়ে বলা হয়েছে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ১০ বছর এবং সর্বনিম্ন তিন বছর পর্যন্ত যেকোনো মেয়াদে কারাদণ্ড, অর্থদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান আছে।সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্পদের তথ্য গোপন ও আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন, তাঁর স্ত্রী ফেরদৌস আরা বেগম ও ছেলে মনজুর মোর্শেদের বিরুদ্ধে গত ৪ মে পল্টন থানায় মামলা করে দুদক। ২৭(১) ও দণ্ডবিধির ১০৯ ধারায় করা ওই মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে দেলোয়ার হোসেন গত বুধবার হাইকোর্টে রিট আবেদনটি করেন।আজ শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কাজী আকতার হামিদ। সঙ্গে ছিলেন আইনজীবী এ কি এম সোহেল রানা। রুলে তাঁদের বিরুদ্ধে দুদকের করা ওই মামলাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়।