দুদক আইনের সংশোধন ইতিবাচক: মহীউদ্দীন খান আলমগীর
সরকারি হিসাবসম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন (দুদক) যেভাবে কাজ করেছে, তাতে দুদকের প্রয়োজন নেই। ওই সময় তারা সংবিধান লঙ্ঘন করে গোষ্ঠী স্বার্থে বিশেষ মহলের তল্পিবাহক হিসেবে কাজ করেছে।এ পরিপ্রেক্ষিতে দুদক আইনের সংশোধন ইতিবাচক আখ্যায়িত করে মহীউদ্দীন খান বলেন, দুদককে নিরঙ্কুশ ক্ষমতা দিলে সেনাপ্রধানও নিরঙ্কুশ ক্ষমতা চাইবেন। আজ সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সংসদ সচিবালয়ে সরকারি হিসাবসম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৩তম বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মহীউদ্দীন খান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নিযুক্তিয় কর্তৃপক্ষ নির্বাচিত কর্তৃপক্ষের ওপরে স্থান পেতে পারে না। দুদক, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন—এসবই নিযুক্তিয় কর্তৃপক্ষ। এগুলোর স্থান কখনোই সংসদের ওপর নয়। তা যদি কখনো হয়, তবে স্বৈরতন্ত্রকে প্রশ্রয় দেওয়া হবে।সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুদককে অবশ্যই আইন অনুযায়ী কাজ করতে হবে। বাংলাদেশের কোনো সংস্থা সরাসরি কোনো বিদেশি সাহায্য নিতে পারে না। কিন্তু তত্কালীন (বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে) দুদক সরাসরি বিদেশি সাহায্য নিয়েছে। এমনকি ওই সময়ের দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী বিনা টেন্ডারে দুদকের আসবাবপত্র বিক্রি করেছেন।মহীউদ্দীন খান বলেন, ‘ফখরুদ্দীন আহমদ এবং মইন উ আহমেদের আমলে দুদক বিনা দোষে রাজনীতিবিদদের হয়রানি করেছে। আমাকে শেখ হাসিনার বিরুদ্ধে বিবৃতি দিতে বলেছিল। বিবৃতি দেইনি বলে গ্রেপ্তার করেছে। সাজা দিয়েছে। কিন্তু কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। বিনা দোষে কাউকে কামড়ানোর ক্ষমতা আমরা কাউকে দিতে চাই না।’এ সময় দুর্নীতি দমনের পন্থা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহীউদ্দীন খান বলেন, চূড়ান্ত পর্যায়ে দুর্নীতি দমন হবে জনতার আদালতে।দুদক আইনের সংশোধন সম্পর্কে অধ্যাপক মোজাফফর আহমদের বক্তব্যের প্রতিবাদ করে মহীউদ্দীন খান বলেন, ‘আইনের ফাঁকফোকর গলিয়ে নয়, আইনের মাধ্যমেই আমরা মুক্ত হয়েছি। এরপর জনগণের রায়ে নির্বাচিত হয়ে সংসদে এসেছি।’