দুদক আইনের সংশোধনী প্রস্তাব প্রত্যাহার করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি মন্ত্রিপরিষদে অনুমোদিত খসড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের অধিকাংশ সংশোধনী কমিশনের স্বাধীনতা ও কার্যকারিতা নষ্ট করবে বলে মতামত জানিয়েছেন বক্তারা।আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।বৈঠকে ‘দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪’-এর সংশোধনী প্রস্তাবনা বস্তুনিষ্ঠভাবে এবং জনমত যাচাই করে পুনর্বিবেচনার দাবিতে টিআইবির ১৮ দফা সুপারিশমালা উপস্থাপন করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। বৈঠকের সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান।বৈঠকে যেসব সংশোধনীর বিষয়ে আপত্তি জানানো হয়, তার হলো প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে সরকারের পূর্বানুমতি গ্রহণের বাধ্যবাধকতা, যা সংবিধানের ২৭ অনুচ্ছেদের পরিপন্থী; দুদকের সব কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকা, সরকার কর্তৃক কমিশনের সচিব নিয়োগ দেওয়া, নির্ধারিত সময়ে প্রতিবেদন দিতে না পারলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে পাঁচ বছরের কারাদণ্ডের প্রস্তাবিত বিধানের পুনর্বিবেচনার দাবি জানানো হয়। এ ছাড়া কমিশনের ক্ষমতা চর্চা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে দুদক আইন ২০০৪-এর ৩৬ নম্বর অনুচ্ছেদ বাতিল, কমিশনের নিজস্ব সাংগঠনিক কাঠামো নির্ধারণ, সব পর্যায়ের কর্মী নিয়োগ এবং বাজেট প্রণয়ন ও ব্যয়ের পূর্ণ ক্ষমতা কমিশনকে দেওয়ার সুপারিশ করা হয়।বৈঠকে এম আকবর আলি খান বলেন, সরকার দুদক আইনের যে সংশোধনী করতে চাচ্ছে, সে আইনের খসড়া লুকিয়ে রাখার কোনো কারণ নেই। জনমত যাচাই করে ভিন্ন ধরনের উদ্যোগ নিতে হবে। কারও বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে কি হয়নি, তা আদালত নির্ধারণ করবেন। ফলে ‘পাবলিক অ্যাকাউন্টস কমিটি’ ও বিচার বিভাগ ছাড়া দুদককে নিয়ন্ত্রণের জন্য আলাদা কোনো জবাবদিহি সংস্থার প্রয়োজন নেই। তবে দুদকের বাজেটকে সরকারের দায়যুক্ত তহবিলে অন্তর্ভুক্ত করতে দুদককে একটি শক্তিশালী অভ্যন্তরীণ অডিট ইউনিট তৈরি এবং দুদকের কর্মরত ব্যক্তিদের জন্য একটি ‘নৈতিক আচরণবিধি’ ও ‘পরিচালনা বিধি’ প্রবর্তনের সুপারিশ করা হয়।বৈঠকে আসিফ নজরুল, শাহদীন মালিক ও দুদক চেয়ারম্যান গোলাম রহমান বক্তব্য দেন।প্রসঙ্গত, দুদক আইনের সংশোধনী নিয়ে এটি বর্তমান সরকারের দ্বিতীয় উদ্যোগ। এর আগে গত বছরের ২৬ এপ্রিল মন্ত্রিপরিষদের সভায় দুদক আইন ২০০৪-এর সংশোধনী প্রস্তাব নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।