দুদক আইনের সংশোধনীর পুনর্বিবেচনার আহ্বান টিআইবির
মন্ত্রিসভা দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪-এর সংশোধনীর যে প্রস্তাবগুলো চূড়ান্ত করেছে, সেগুলো সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এই প্রস্তাব আইনে পরিণত হলে কমিশন অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হবে—এই আশঙ্কা প্রকাশ করে সংশোধনীগুলো পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।আজ রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আশঙ্কা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সংস্থাটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাফিজউদ্দিন খান ও ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক মোজাফফর আহমদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সংসদের বিবেচনার জন্য ১২টি বিষয় তুলে ধরা হয়।টিআইবি বলেছে, দুদকের স্বাধীনতা ও কার্যকারিতা সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার কথা। দুদক সরকারের প্রতিপক্ষ নয়। বরং স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকরভাবে পরিচালিত হলে দুদক জনগণের কাছে সরকারের প্রদত্ত অঙ্গীকার বাস্তবায়নে সহায়ক শক্তি হতে পারে।মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত সংশোধনী প্রস্তাব শুধু সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রতিবন্ধকই নয়, বাংলাদেশে কার্যকরভাবে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে।হাফিজউদ্দিন খান বলেন, ‘এই আইন পাস হলে দুদক অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হবেন। দুদকের চেয়ারম্যান একজন সত্ লোক। কিন্তু হাত-পা বেঁধে ফেললে তিনি কাজ করতে পারবেন না। তিনি বলেন, ‘আমরা দুর্নীতি দমনের বিষয়ে প্রধানমন্ত্রীর সদিচ্ছার প্রকাশ দেখতে চাই।’