দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারকদের থেকে সতর্ক থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বিভিন্ন মাধ্যম থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) খবর পেয়েছে যে একটি চক্র সংস্থাটির কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে। বিভিন্ন ব্যক্তিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার নামে ওই চক্রটি অর্থ দাবি করছে। কেউ এভাবে অর্থ দাবি করলে সে বিষয়ে দুদককে জানাতে অনুরোধ করেছে সংস্থাটি।আজ রোববার দুদকের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়েছে। কেউ দুদকের নামে টাকা চাইলে দুদকের নিকটস্থ কার্যালয় বা পরিচালক (পর্যবেক্ষণ ও মূল্যায়ন) মেজর আশিষ সরকারকে (মোবাইল ফোন নম্বর—০১৭৩০৩০৩২২০) জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।একই সঙ্গে দুদকের কর্মকর্তা বা কর্মচারীর প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র দেখার জন্যও বিজ্ঞপ্তিতে সবার প্রতি পরামর্শ দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের একক অভিপ্রায় অনুযায়ী কমিশনের সিদ্ধান্ত ছাড়া অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার কোনো সুযোগ নেই। দুদক কোনো অভিযোগ গ্রহণ করলে অনুসন্ধানকারী বা তদন্ত কর্মকর্তা দুদকের আইন ও বিধি অনুযায়ী লিখিতভাবে অভিযুক্তকে জানিয়ে থাকে। তা ছাড়া সম্প্রতি কমিশন অফিস একটি আদেশের মাধ্যমে অনুসন্ধানকারী বা তদন্ত কর্মকর্তাদের টেলিফোন বা মোবাইল ফোনের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা নিষিদ্ধ করেছে। এরূপ প্রতারক চক্রের সঙ্গে কোনোরূপ আর্থিক লেনদেন না করতে সবাইকে পরামর্শ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।