দুদক কারও লেজুড়বৃত্তি করে না: চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশন (দুদক) কারও লেজুড়বৃত্তি করে না বলে দাবি করেছেন দুদকের চেয়ারম্যান গোলাম রহমান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সুপারিশকেও নাকচ করে দিয়েছে দুদক। তবে দুদকের বর্তমান আইনে সংশোধনী আনা হলে কমিশন অকার্যকর হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘দুদক আইনের সংশোধনী প্রস্তাব ও নাগরিক উদ্বেগ’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদকের চেয়ারম্যান এসব কথা বলেন।গোলাম রহমান বলেন, সুশাসনের জন্য সাংবিধানিক তিনটি স্তরের পাশে আরও একটি স্তর জরুরি হয়ে পড়েছে। সেটি ‘ইন্টিগ্রিটি সিস্টেম’। যেখানে দুদকসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান থাকবে। নির্বাহী বিভাগ, সংসদ ও বিচার বিভাগ এখন সুশাসনের জন্য যথেষ্ট নয়।কমিশনের স্বাধীনতা প্রসঙ্গে দুদকের চেয়ারম্যান বলেন, ‘যদি প্রস্তাবিত আইনে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে অনুমতির বিধান রাখা হয়, তাহলে প্রকৃত অর্থেই দুদক তার স্বাধীনতা হারাবে। তিনি জানান, গত ২০ মাসে দুদকে কেউ প্রভাব বিস্তার করেনি।প্রস্তাবিত দুদকের খসড়া আইন চূড়ান্ত করার আগে জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন সুজনের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ। তিনি দুদকের মামলা পরিচালনার জন্য উচ্চ আদালতে দুটি বিশেষ বেঞ্চ গঠনের পরামর্শ দেন।