দুদক চেয়ারম্যানকে সরে যেতে আইনি নোটিশ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমানের পদে থাকা নিয়ে প্রশ্ন তুলে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এই নোটিশে দুদক চেয়ারম্যানের পদের মেয়াদ শেষ হয়েছে বলে দাবি করা হয়েছে। আজ বুধবার ডাকযোগে ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওই নোটিশটি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মির্জা আল মাহমুদ। কোন কর্তৃত্ব বলে দুদক চেয়ারম্যান পদে আছেন, তা নোটিশে জানতে চাওয়া হয়েছে। নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে দুদকের চেয়ারম্যানকে পদ থেকে সরে যাওয়ারও অনুরোধ করা হয়েছে। নোটিশের জবাব না দিলে ও পদ থেকে সরে না গেলে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে বলা হয়। আইনি নোটিশে বলা হয়, ২০০৯ সালের ৩০ এপ্রিল মন্ত্রিপরিষদের সচিব এক প্রজ্ঞাপনের মাধ্যমে গোলাম রহমানকে কমিশনার পদে নিয়োগ দেন। ২০০৯ সালের ২ মে তাঁকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। নোটিশে আরও বলা হয়, দুর্নীতি দমন আইনের ৬(৩)-এ বলা আছে, ‘কমিশনারগণ তাঁদের নিয়োগের তারিখ হইতে চার বছর মেয়াদের জন্য স্বপদে অধিষ্ঠিত থাকিবেন।’ ২০০৯ সালের ৩০ এপ্রিলের প্রজ্ঞাপন অনুয়ায়ী ২০১৩ সালের ১ মে গোলাম রহমানের চেয়ারম্যান পদে থাকার মেয়াদ পেরিয়ে গেছে। নোটিশে বলা হয়, চেয়ারম্যান পদের দিন গণনা কীভাবে হবে, তা জানতে ২০১০ সালের ৩১ আগস্ট দুদকের সচিব মন্ত্রিপরিষদের সচিবের কাছে মতামত চান। পরবর্তী সময় ওই বছরের ২১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশে মতামত দেওয়া হয়, ২০০৯ সালের ২৪ জুন তাঁর দায়িত্ব নেওয়ার দিন থেকে সময়কাল গণনা করা হবে।