দুদক চেয়ারম্যানকে কারণ দর্শানোর নির্দেশ
দুর্নীতির অভিযোগে সাতক্ষীরায় করা একটি মামলায় আট বছরেও তদন্ত প্রতিবেদন দাখিল না করায় তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, এ মর্মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে লিখিতভাবে কারণ দর্শাতে বলেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই মামলা বাতিলের জন্য করা একটি আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন। এ বিষয়ে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে লিখিতভাবে কারণ জানাতে বলা হয়েছে। একই সঙ্গে তদন্ত কর্মকর্তাকে আগামী ৪ ফেব্রুয়ারি তলব করেছেন হাইকোর্ট।২০০৪ সালের ১ নভেম্বর সাতক্ষীরা বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমানের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় দুর্নীতির অভিযোগে মামলাটি করে তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় দুর্নীতি দমন ব্যুরোর সাতক্ষীরার পরিদর্শক ওয়াজেদ আলী গাজীকে। কিন্তু আট বছরেও ওই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার বিধান থাকা সত্ত্বেও আট বছরেও কেন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি, এ ব্যাপারে ব্যাখ্যা দিতে তদন্ত কর্মকর্তাকে হাজির হতে বলা হয়েছে। আদালত সূত্র জানায়, ২০০৪ সালের ১ নভেম্বর সাতক্ষীরা বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমানের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা করে তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো। ওই দিনই ব্যুরোর সাতক্ষীরার পরিদর্শক ওয়াজেদ আলী গাজীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। মামলায় ১৯৫৭ সালের দুর্নীতি দমন আইন ৪-এর ২ এবং ৫-এর ১ ধারায় স্ত্রী ও নিজের নামে জ্ঞাত আয়বহির্ভূত ২৫ লাখ ৩৪ হাজার ৩৫ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়। ওই দিনই ওয়াজেদ আলীকে মামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়। গত বছরের ৫ সেপ্টেম্বর মজিবুর রহমান জামিন পান। দীর্ঘ আট বছরেও তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় মামলাটি বাতিল চেয়ে গতকাল বুধবার হাইকোর্টে আবেদন করেন মজিবুর রহমান। আজ এর ওপর শুনানি হয়। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশিদ। তিনি বলেন, নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন পেশ না করায় ওই তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, এই মর্মে লিখিতভাবে দুদক চেয়ারম্যানকে কারণ দর্শাতে বলেছেন আদালত। সেই সঙ্গে ৪ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তাকে হাজির হতে বলা হয়েছে।