দুদক চেয়ারম্যানের পদে থাকার বৈধতা নিয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান পদে গোলাম রহমানের থাকার বৈধতা নিয়ে রিট আবেদন করা হয়েছে। আজ বুধবার সিরাজগঞ্জের বাসিন্দা ও গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন। রিট নম্বর ১৩৩৬৩/১২।আইনের কোন কর্তৃত্ববলে গোলাম রহমান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন এবং তাঁকে কেন ওই পদের অযোগ্য ঘোষণা করা হবে না—এ মর্মে রুল চাওয়া হয়েছে রিটে। দুদক চেয়ারম্যান, আইন মন্ত্রণালয়ের সচিব, সংসদের সচিব, রাষ্ট্রপতির সচিব ও দুদকের সচিবকে বিবাদী করা হয়েছে। রিটকারীর আইনজীবী মো. কামাল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, দুদকের চেয়ারম্যান পদে গোলাম রহমানের থাকার বৈধতা নিয়ে রিটটি করা হয়েছে। পিয়ন, চাপরাশি ও ড্রাইভারের কথায় বিচার হয় না—উল্লেখ করে গোলাম রহমান সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। এতে তিনি নিরপেক্ষতা হারিয়েছেন। কারণ, এতে একটি বিশেষ গোষ্ঠীকে কটাক্ষ করা হয়েছে। পেশা যা-ই হোক, কারও কাছে কোনো অভিযোগের উপাদান থাকলে দুদক সেই তথ্য নিতে বাধ্য। চেয়ারম্যানের ওই বক্তব্য সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থী। কাল বৃহস্পতিবার রিট আবেদনটি আদালতে দাখিলের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। রিটকারী সাইফুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘সংবিধান অনুসারে সব নাগরিকের সম-অধিকার রয়েছে। দেশের সাক্ষ্য আইনের কোথাও বলা নেই ড্রাইভার-পিয়ন-চাপরাশি সাক্ষ্য দিতে পারবেন না। অথচ চেয়ারম্যান বলেছেন, পিয়ন-চাপরাশি-ড্রাইভারের কথায় বিচার চলে না। দুদক নিরপেক্ষ প্রতিষ্ঠান। চেয়ারম্যান কারও বক্তব্য গ্রহণ করতে পারেন, না-ও পারেন। কিন্তু তাচ্ছিল্য করে কথা বলতে পারেন না। এ কারণে তিনি এ পদে থাকার বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। তাই একজন নাগরিক হিসেবে রিট আবেদনটি করেছি।’