দুদক চেয়ারম্যানের বক্তব্য গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল
বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করছে না। তারা সরকারের আজ্ঞাবহ হয়ে সরকারের ইচ্ছে অনুযায়ী কাজ করছে। পদ্মা সেতুর ব্যাপারে দুদক চেয়ারম্যানের মিডিয়াকে কিছু বলা না বলার পরামর্শকে গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল বলে তিনি উল্লে¬খ করেন।আজ সোমবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মওদুদ আহমদ বলেন, একজন সাবেক আমলা হিসেবে দুদক চেয়ারম্যানের জানা উচিত ছিল, দুদককে কোন আইনে মিডিয়ার স্বাধীনতা রোধ করার ক্ষমতা দেওয়া হয়নি।মওদুদ আহমদ বলেন, দেশে গণতন্ত্রকে রক্ষা করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষার সঙ্গে আগামী নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত। সেই কারণে নির্দলীয় একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। কোনো দলীয় সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে না। অনুষ্ঠানে বক্তব্য দেন কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মাহবুব তানসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাইমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবদুল বাছেত প্রমুখ।