দুদক প্রভাবমুক্ত হয়ে কাজ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, দুদক কিছুটা প্রচারবিমুখ এবং সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে কাজ করছে। দুদক বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলাও প্রত্যাহার করেনি।গতকাল বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০১০’ প্রকাশ অনুষ্ঠানে মুক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় গোলাম রহমান এ কথা বলেন। অনুষ্ঠানে তাঁকে বিভিন্ন প্রশ্ন করা হয়। কেউ কেউ দুদক আছে কি নেই, তা নিয়েও প্রশ্ন করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।এই জরিপ প্রতিবেদনে টিআইবি দুর্নীতি, অনিয়ম নির্মূলে দুদককে প্রকৃতপক্ষে স্বাধীন, সক্রিয়, সক্ষম, দক্ষ, বিশ্বাসযোগ্য করার এবং কোনো ধরনের নিয়ন্ত্রণ ও প্রভাবের ঊর্ধ্বে থেকে কাজের পরিবেশ নিশ্চিত করার সুপারিশ করেছে। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, তাঁরা মনে করেন না, দুদক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারছে। বিশেষত এই সরকার ক্ষমতায় আসার পর আইন সংশোধনের মাধ্যমে দুদককে প্রশাসনিক নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বলা হয়েছিল, সরকারি কোনো কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে দুদককে আগে অনুমতি নিতে হবে। এই পদক্ষেপের বিরুদ্ধে জোরালো প্রচার চালানোর কারণে সরকার আবারও আইনের খসড়াটি পর্যালোচনা করছে। তবে যত দিন পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হচ্ছে, তত দিন দুদক স্থিতিশীল ও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে না।দুদকের চেয়ারম্যান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদক প্রচুর কাজ করেছে। সে সময় গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের অধীনে ৪৮টি দল কাজ করত। এখন একটিও নেই। তখন প্রেক্ষাপট আলাদা ছিল। মৌলিক অধিকার স্থগিত ছিল। তিনি বলেন, ‘মনে রাখতে হবে, বাংলাদেশের অর্থনীতিতে ৫০ শতাংশ কালো টাকা। এর অর্থ এই নয় যে এই টাকা অবৈধ। অর্থনীতির মূল লক্ষ্য মানুষের জীবনমানের উন্নতি। এখন আমরা যদি ত্রাসের রাজত্ব কায়েম করি, তাহলে অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। আমরা যা কিছুই করি না কেন, খুবই বিচক্ষণতার সঙ্গে এগোতে হবে। কেউ অপরাধী প্রমাণিত হওয়ার আগে আমরা মিডিয়া ট্রায়াল করতে চাই না।’গোলাম রহমান দুর্নীতি দমনে আইনগত প্রক্রিয়ার যে দীর্ঘসূত্রতা, তাকে প্রধান অন্তরায় বলে উল্লেখ করেন। তিনি বলেন, ২০০৪ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত দুর্নীতির এক হাজার ৪০০টি মামলায় অভিযোগপত্র চূড়ান্ত হয়েছে। বিচার হয়েছে ৩০২টি মামলায়, তাতে ২২০ জনের সাজা হয়েছে। কিন্তু যাঁরা সাজা পেয়েছেন, তাঁরা আদালতে গিয়েছেন, তাঁদের সাজা স্থগিত হয়েছে। দীর্ঘসূত্রতা না কমলে কোনো ফল ফলবে না। যদি মামলা নিষ্পত্তির জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া যায়, অন্তত ১০০ জন যদি শাস্তি পান, তাহলে দুর্নীতি কমে আসবে।দুদকের চেয়ারম্যান আরও বলেন, যাঁরা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, তাঁরা কোটি কোটি টাকায় আইনজীবী নিয়োগ দিচ্ছেন। দুর্নীতি দমন কমিশন যাঁদের নিয়োগ দিচ্ছে, তাঁরা ওই সব আইনজীবীর তুলনায় সম্মানী পাচ্ছেন খুবই নগণ্য।