দুদক মামলা প্রত্যাহারের সুপারিশ করবে না
নিজেদের দায়ের করা মামলা প্রত্যাহারের সুপারিশ করবে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৩ মাসে সরকার ২২৯টি মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করতে দুদকের কাছে নথি পাঠালেও এখন পর্যন্ত এ বিষয়ে দুদক কোনো সিদ্ধান্ত নেয়নি। দুদক চায়, মামলাগুলো আদালতের মাধ্যমে নিষ্পত্তি হোক। এসব মামলার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আটটিসহ ক্ষমতাসীন দলের নেতাদের একাধিক মামলা রয়েছে।আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠনের পর গত জানুয়ারি মাসে ‘রাজনৈতিক ও অন্যান্য কারণে হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলা’ প্রত্যাহারের জন্য সুপারিশ প্রণয়নে কমিটি গঠন করে। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের নেতৃত্বে এই কমিটিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব ও সরকারের আইন কর্মকর্তারা রয়েছেন।সূত্র জানায়, গতকালের সর্বশেষ সভাসহ ১৩ মাসে মোট ১৪টি সভা করেছে এই কমিটি। প্রায় সাত হাজার আবেদন পর্যালোচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা হয়েছে। এর মধ্যে দণ্ডবিধি এবং অন্যান্য ধারার অপরাধের তিন হাজার ৩৪৩টি এবং দুদকের দায়ের করা ২২৯টি মামলা প্রত্যাহারের জন্য কমিটি সুপারিশ করেছে। প্রসঙ্গত, ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী, সরকারের সুপারিশ করা যেকোনো মামলা প্রত্যাহারের জন্য আদালতের কাছে আবেদন করা যায়। তবে ব্যক্তির দায়ের করা কোনো মামলা প্রত্যাহারের সুপারিশ করার এখতিয়ার সরকারের নেই।অপরদিকে ১৯৫৮ সালের সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১০(৪) ধারা অনুযায়ী দুদকের দায়ের করা মামলা শুধু কমিশনই প্রত্যাহার করতে পারে। এ ক্ষেত্রে অন্য কোনো সংস্থার কোনো এখতিয়ার নেই। এ কারণে বিএনপি-জামায়াত জোট এবং বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের করা দুদকের মামলা প্রত্যাহারের জন্য কমিটি সুপারিশগুলো দুদকে পাঠাচ্ছে।জানতে চাইলে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান গতকাল প্রথম আলোকে বলেন, মামলা প্রত্যাহারের সুপারিশের বিষয়ে কমিশন এখন কিছু ভাবছে না। তিনি বলেন, ৫০ শতাংশ মামলাই বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর আমলের। আর এক-তৃতীয়াংশ মামলার কার্যক্রমের ওপর আদালতের স্থগিতাদেশ রয়েছে। আরও কত মামলা আসে, সেসব দেখে প্রতিটি মামলা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা অবশ্য বলেন, তাঁদের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে আদালতের মাধ্যমে মামলার নিষ্পত্তি করা। ব্যক্তিবিশেষের পদমর্যাদা বিবেচনা করে কোনো মামলা প্রত্যাহারের সুপারিশ তাঁরা করবেন না। তা ছাড়া যে মামলায় দুদক অভিযোগপত্র দিয়েছে, সে মামলা প্রত্যাহারের সুপারিশ করা ঠিক নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের সময় নাইকো ও ভাসমান বিদ্যুেকন্দ্র স্থাপন দুর্নীতির মামলা করে দুদক। একই মামলা করা হয় বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও। তবে মামলা প্রত্যাহারের সুপারিশ প্রণয়নে গঠিত কমিটি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের জন্য দুদকের কাছে পাঠিয়েছে। এ ছাড়া বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো কর্তৃক শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা আটটি মামলাও কমিটি দুদকের সুপারিশের জন্য পাঠিয়েছে। এর মধ্যে মিগ-২৯ ক্রয় দুর্নীতি মামলা গতকাল হাইকোর্ট খারিজ করে দিয়েছেন। বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ নির্মাণে প্রকল্প পরিচালক নিয়োগে দুর্নীতির অভিযোগ-সম্পর্কিত একটি মামলায় বর্তমান দুর্নীতি দমন কমিশন চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। জানতে চাইলে আইন প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মামলা প্রত্যাহারের কোনো আবেদন কমিটির কাছে নেই। গতকালের সভায় পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া সাবেক সাংসদ নাসির উদ্দীন পিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা প্রত্যাহারের জন্য উত্থাপন করা হয়। তবে সুপারিশযোগ্য নয় বলে তা বাতিল করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কমিটির ১৪তম সভায় দণ্ডবিধি ও অন্যান্য অপরাধের এক হাজার ৫৯টি মামলা ও দুদকের ১৩টি মামলা পর্যালোচনা করা হয়। এর মধ্যে দণ্ডবিধির ৬৬৩টি এবং দুদকের ছয়টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। সভায় ১০৯টি মামলা বাতিল করা হয়। পরবর্তী সভায় ২৯৪টি মামলা উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। গতকালের সভায় উল্লেখযোগ্য যেসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়, তার মধ্যে রয়েছে ২০০৬ সালের ৩০ নভেম্বর হাইকোর্টে ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলা। এ মামলায় আসামি করা হয় কামাল হোসেন, রোকনউদ্দিন মাহমুদ, আমীর-উল ইসলাম, সুব্রত চৌধুরী, খসরুজ্জামান, সুব্রত সাহা, শেখ আওসাফুর রহমান ও তানিয়া আমীরকে। এ ছাড়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির, সাংসদ আসাদুজ্জামান নূর, প্রশিকার কাজী ফারুক, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে বিএনপির আমলে দায়ের করা মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়।