দুদক সংস্কারের প্রস্তাবে টিআইবির উদ্বেগ
দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারের জন্য আনা প্রস্তাব মন্ত্রিসভায় চূড়ান্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিষ্ঠানটি মনে করে, এই প্রস্তাবগুলো দুদককে স্বাধীন ও কার্যকর করার ক্ষেত্রে সরকারের দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে সংগতিপূর্ণ নয়। গত শনিবার টিআইবির বিবৃতিতে বলা হয়, টিআইবি দুদককে শক্তিশালী করতে ১৮টি সুস্পষ্ট সুপারিশ দিয়েছে।বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক, প্রশাসনিক, করপোরেট, এনজিও ও ব্যক্তিসহ সব ক্ষেত্রে দুর্নীতিকে একই মাপকাঠিতে বিবেচনা করে তা দুদকের এখতিয়ারের মধ্যে রাখতে হবে। যেকোনো নির্দিষ্ট খাত, বিশেষত সরকারি খাতকে বাদ দেওয়া হবে পক্ষপাতমূলক এবং তা দুর্নীতিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।সরকারি সেবা খাত দুদকের এখতিয়ারের মধ্যে অন্তর্ভুক্ত করা, সচিব নিয়োগের ক্ষমতা কমিশনকে দেওয়া, কমিশনের একটি শক্তিশালী নিরীক্ষা শাখা রাখার দাবি জানানো হয়। কমিশনের জবাবদিহি নিশ্চিত করতে একটি সর্বদলীয় সংসদীয় কমিটি গঠনেরও কথা বলা হয়। তা ছাড়া কমিশনকে পরামর্শ দেওয়া ও এর কাজের মূল্যায়নের জন্য নির্দলীয় ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠনের কথা বলা হয়।