দুদকে আর কোনো সুপারিশ পাঠাবে না সরকারি কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় প্রত্যাহারের সুপারিশ করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আর কোনো মামলা পাঠাবে না সরকারের গঠিত মামলা প্রত্যাহার-সংক্রান্ত কমিটি।কমিটি গতকাল পর্যন্ত দুুই বছরে দুদকের মোট ৩১৪টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। গতকালের বৈঠকে ২৬টি মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান গত সোমবার প্রথম আলোকে বলেন, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত কমিটির সুপারিশ পাঠানো শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কোনো নির্দেশনা দেবে না দুদক। চেয়্যারম্যানের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতেই কমিটি দুদকের আর কোনো মামলা প্রত্যাহারের সুপারিশ না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।আগামী ৯ জানুয়ারি কমিটির পরবর্তী ও শেষ সভা অনুষ্ঠিত হবে। সভায় দণ্ডবিধির আরও দেড় হাজার মামলা উত্থাপন করার পর তা প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত হবে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মামলা প্রত্যাহার কমিটির ২৪তম বৈঠকে দুদকের ২৬টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির প্রধান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। বৈঠক শেষে আইন প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় দণ্ডবিধির এক হাজার ৪৪০টি মামলা উত্থাপন করা হয়েছে। এর মধ্যে ১৪৫টি মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে, ২৫৬টির প্রত্যাহারের আবেদনে নেতিবাচক মত দেওয়া হয়েছে এবং বাকিগুলোর জন্য সুপারিশ করা হয়নি।একই সঙ্গে দুদকের ১২৬টি মামলা উত্থাপন করা হলে ২৬টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এ পর্যন্ত কমিটির বৈঠকে ছয় হাজার ৬৫৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এতে মোট মামলা উত্থাপন করা হয় ১০ হাজার ২৯৩টি।গতকালের আগ পর্যন্ত প্রত্যাহারের সুপারিশ করা ২৮৮টি দুর্নীতির মামলা তুলে না নেওয়ার কারণ জানতে চাইলে আইন প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘দুদক সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান। আমরা সম্পূর্ণ রাজনৈতিক হয়রানি বিবেচনা করে মামলাগুলো প্রত্যাহারের সুপারিশ করে পাঠাচ্ছি। এখন তারা কী করবে, তারাই জানে।’জানা গেছে, গতকাল কমিটির বৈঠকে যেসব মামলা প্রত্যাহারের জন্য উত্থাপন করা হয়েছে, তার বেশির ভাগ আবেদনেই জেলা প্রশাসকের (ডিসি) সুপারিশ ছিল না। ডিসির সুপারিশ ছাড়া কী করে এসব আবেদন বৈঠকে উত্থাপন করা হলো, তা নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মনেই প্রশ্ন রয়েছে। প্রসঙ্গত, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর কথিত রাজনৈতিক ও অন্যান্য হয়রানির মামলা প্রত্যাহারের সুপারিশ প্রণয়নের জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়। তবে এ কমিটি শীর্ষ সন্ত্রাসীসহ খুন বা ডাকাতির মতো ফৌজদারি মামলার আসামিদেরও মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত দেওয়ায় প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়েছে।