ভৈরব সেতু প্রকল্প ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অভিযোগ বিষয়ে আলোচনার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিকেলে কয়েকটি বিষয় জানতে চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী এ এম মাহবুবউদ্দিন দুদকে চিঠি পাঠিয়েছেন।এর আগে ১৫ ফেব্রুয়ারি ভৈরব সেতু প্রকল্প ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট বিষয়ে খালেদা জিয়ার বক্তব্য শোনার জন্য দুদক চিঠি পাঠিয়েছিল। তাতে চ্যারিটেবল ট্রাস্টের বিষয়ে ২৪ ফেব্রুয়ারির মধ্যে এবং ভৈরব সেতু প্রকল্পের বিষয়ে ২৫ ফেব্রুয়ারির মধ্যে আলোচনার কথা বলা হয়।জিয়া চ্যারিটেবল ট্রাস্টের বিষয়ে দুদকের উপপরিচালক মো. নুর আহম্মদ বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, শহীদ জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্ট একটি প্রাইভেট ট্রাস্ট, ট্রাস্টের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে ট্রাস্ট আইন। এ ব্যাপারে দুদকের জানতে চাওয়ার এখতিয়ার আছে বলে বেগম খালেদা জিয়া মনে করেন না। ট্রাস্ট সর্ম্পকে কোনো অভিযোগ আছে কি না? থাকলে কী ধরনের অভিযোগ, তা খালেদা জিয়াকে জানাতে চিঠিতে অনুরোধ করা হয়। ট্রাস্টের কী কী কার্যাদি সম্পর্কে খালেদা জিয়ার বক্তব্য শোনা প্রয়োজন, সে সর্ম্পকে বিস্তারিত জানাতে দুদককে অনুরোধ করা যাচ্ছে। এ অবস্থায় তথ্য পাওয়া গেলে ২৪ ফেব্রুয়ারির পর আলোচনা করে পুনরায় তারিখ নির্ধারণের অনুরোধ করা হলো।ভৈরব সেতুর বিষয়ে দুদকের সহকারী পরিচালক হারুনুর রশীদ (অনু. তদন্ত-১) বরাবর পাঠানো অন্য চিঠিতে বলা হয়, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সরকারের রুলস অব বিজনেস অনুযায়ী অনেক ফাইলে স্বাক্ষর করেছেন। ভৈরব সেতু প্রকল্পের ফাইলে কখন এবং কী বিষয়ে স্বাক্ষর করেছেন, তা তাঁর স্মরণে নেই। বক্তব্য দেওয়ার জন্য ভৈরব সেতু প্রকল্পের ফাইল ও ওই নথির এক সেট অনুলিপি খালেদা জিয়াকে সরবরাহ করতে অনুরোধ করা হলো। এ ছাড়া কী বিষয়ে খালেদা জিয়ার বক্তব্য শোনা অত্যাবশ্যকীয়, সে সম্পর্কে বিস্তারিত জানাতেও অনুরোধ করা হয়। এ অবস্থায় প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস সরবরাহ করা হলে ২৫ ফেব্রুয়ারির পর আলোচনা করে পুনরায় তারিখ নির্ধারণের অনুরোধ করা হয়।