দুদকে ডেসটিনির পরিচালকেরা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদের চিঠির জবাবে আজ মঙ্গলবার দুদকের কার্যালয়ে হাজির হয়েছিলেন ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমিন ও তিন পরিচালক। পরিচালকেরা হলেন গোফরানুল হক, মো. মাহমুদ হোসেন ও সাইদুর রহমান।জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দুদকের চেয়ারম্যান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘গণমাধ্যমে পাওয়া বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই ডেসটিনির পরিচালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি কোনো অভিযোগের প্রমাণ পাওয়া যায়, তাহলে ছাড় দেওয়া হবে না।’ বিষয়টির সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ জড়িত উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই দুদক এ বিষয়ে অনুসন্ধান করছে।অনুসন্ধান কত দিন চলবে, জানতে চাইলে গোলাম রহমান বলেন, ‘গণমাধ্যমের কাছ থেকে জেনেছি, এখানে সাধারণ মানুষের শত শত কোটি টাকা, প্রায় ১২০০ কোটি টাকার মতো এদিক-ওদিক করা হয়েছে। তাই এক বিশাল অঙ্কের বিষয়ের অনুসন্ধানেও সময় দিতে হবে।’এদিকে জিজ্ঞাসাবাদ শেষে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমীন বলেন, ‘গণমাধ্যমের দ্বারা প্রচারিত বিভ্রান্তির কারণে দুদক এসব নিয়ে তদন্ত করছে।’ দুদকের প্রাথমিক অনুসন্ধানে ১০০ কোটি টাকা প্রতিষ্ঠানের হিসাব থেকে ব্যক্তিগত হিসাবে সরানোর অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘এসব গণমাধ্যমের তৈরি করা বিভ্রান্তি। আর আমার নামে কেউ চেক দিলে তা আমার অ্যাকাউন্টে ভাঙিয়ে পরে তা প্রতিষ্ঠানের হিসাবে জমা দেওয়া হয়, তাহলে সেই টাকা আমার ব্যক্তিগত হিসাবে কেন থাকবে?’তাহলে ডেসটিনির পরিচালকদের ব্যক্তিগত ব্যাংক হিসাব জাতীয় রাজস্ব বোর্ড কেন জব্দ করেছে—জানতে চাইলে রফিকুল আমিন বলেন, ‘এনবিআরের ধারণা, আমরা ট্যাক্স ফাঁকি দিয়েছি। তাই রাজস্ব আইনের ১১৭ (৪) ধারায় সাময়িকভাবে আমাদের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। এর সঙ্গে দুদকের কোনো সম্পর্ক নেই।’এ ছাড়া ১০০ কোটি টাকা কর ফাঁকির অভিযোগও অস্বীকার করেন রফিকুল আমীন।সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত এই জিজ্ঞাসাবাদ কার্যক্রম পরিচালনা করেন স্কোয়াড্রন লিডার তাহিদুল ইসলাম। দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার ও সিনিয়র সহকারী পরিচালক মো. তৌফিকের সই করা চিঠিতে গত রোববার তাঁদের দুদকে হাজির হতে বলা হয়।এ ছাড়া কাল বুধবার দুদকের পরিচালক সাজ্জাদ হোসেন, মেজবাহউদ্দিন, তারিকুল হুদা সরকার ও ইরফান আহমেদের হাজির হওয়ার কথা। আর আগামী বৃহস্পতিবার পরিচালক হোসনে আরা ইসলাম, ফারাহ দিবা, মিতু রানী বিশ্বাস ও সেলিনা রহমানের দুদকে জবানবন্দি দেওয়ার কথা।দুদক সূত্র জানায়, ডেসটিনি ও এর সহযোগী প্রতিষ্ঠান থেকে রফিকুল আমিন, হারুন-উর-রশিদসহ ১২ পরিচালকের ব্যাংক হিসাবে প্রায় ১০০ কোটি টাকা স্থানান্তরের অভিযোগ রয়েছে। দুদক মনে করছে, এটি মানিলন্ডারিং অপরাধ। এ কারণেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।