দুদকে সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তা
হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্স ডিভিশন বিভাগের আরও ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদকের সিনিয়র উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত দল তাঁদের পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করছে। চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।এই ছয় কর্মকর্তা হলেন—উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এস এইচ এস আবু জাফর, জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা সাহিদা খানম, শাখা পরিদর্শক কামরুল হোসেন খান, নির্বাহী কর্মকর্তা মো. একরামুল হক মন্ডল, এএসএম আবদুল লতিফ ও মো. আনিসুজ্জামান।এই বিভাগের মোট ৩০ জন কর্মর্কতাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে দুদক সূত্র জানায়। হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুদক গতকাল পর্যন্ত ৫৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। হলমার্কসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণের নামে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে হলমার্ক একাই দুই হাজার কোটি টাকার বেশি হাতিয়ে নেয়। অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে—প্যারাগন নিট কোম্পানি, খানজাহান আলী সোয়েটার্স লিমিটেড, ডি অ্যান্ড স্পোর্টস লিমিটেড, টি অ্যান্ড ব্রাদার্স লিমিটেড ও নকশি নিট লিমিটেড।