দুদকের অবস্থান অগ্রহণযোগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী (এপিএস) গাড়িচালক আজমের নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।এ ছাড়া বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া আজমের সাক্ষাত্কার সম্পর্কে দুর্নীতি দমন কমিশনের বক্তব্য অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে টিআইবি। আজ সোমবার টিআইবির এক বিবৃতিতে এই কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, আরটিভিতে প্রচারিত সাক্ষাত্কারের পরিপ্রেক্ষিতে দুদকের অবস্থান পুনর্বিবেচনা করা উচিত। এ ছাড়া ওই অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে নৈতিক অবস্থান থেকে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের দ্বিতীয় দফায় পদত্যাগ করা উচিত। একই সঙ্গে রেলওয়ে কেলেঙ্কারির প্রকৃত সত্য উদঘাটন ও দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনতে গাড়িচালক আজমের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। তথ্য প্রকাশকারীর সুরক্ষা আইন ২০১১ অনুযায়ী আজমের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব দুদক ও সরকারের।বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, গাড়িচালক আজমের টেলিভিশন সাক্ষাত্কারের পরিপ্রেক্ষিতে দুদক রেলওয়ের দুর্নীতির পুনঃ তদন্ত করবে না বলে যে ঘোষণা দিয়েছে তা অগ্রহণযোগ্য ও অপরিণামদর্শী। আর আজমের বক্তব্যকে বিবেচনায় না নিয়ে তাঁর পেশাগত অবস্থান সম্পর্কে দুদকের অসম্মানজনক বক্তব্য দুঃখজনক। সাক্ষী বা তথ্যপ্রদানকারী যে পর্যায়েরই হোক না কেন, সংবিধান ঘোষিত ‘সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা’র প্রতি শ্রদ্ধাশীল হওয়াটাই দুদকের কাছে প্রত্যাশিত।ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত তথ্যের আদালতে আমলযোগ্যতা সম্পর্কে প্রশ্ন থাকতে পারে। উক্ত বক্তব্যের যথার্থতাও যথাযথ প্রক্রিয়াই নির্ধারিত হতে হবে। তবে তদন্তের স্বার্থে এরূপ তথ্যের গুরুত্ব দেওয়া একদিকে তদন্তের বস্তুনিষ্ঠতা ও গ্রহণযোগ্যতার জন্য অপরিহার্য, অন্যদিকে ঢালাওভাবে তা প্রত্যাখ্যান করা তথ্য প্রকাশকারীর সুরক্ষা আইন ২০১১-এর পরিপন্থী। দুদক যদি তার দায়িত্ব পালনে বাস্তবিকই অঙ্গীকারবদ্ধ হয়, তবে দুদকের উচিত গাড়িচালক আজমকে নিরাপত্তা ও সুরক্ষা প্রদানের জন্য সরকার তথা আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিশ্চিত করা। অন্যথায় দুদকের অবস্থান ও যোগ্যতা সম্পর্কে জনমনে আস্থাহীনতা আরও বৃদ্ধি পাবে।’