দুদকের আইন বদল নির্বাচনী ওয়াদার খেলাপ: টিআইবি
মন্ত্রিসভা দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, ২০০৪-এর সংশোধনীর যে প্রস্তাবগুলো চূড়ান্ত করেছে, সেগুলো সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই প্রস্তাব আইনে পরিণত হলে কমিশন অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশঙ্কা প্রকাশ করে সংশোধনীগুলো পুনর্বিবেচনার দাবি জানিয়েছে টিআইবি।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান ও সদস্য অধ্যাপক মোজাফ্ফর আহমদ। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সংসদের বিবেচনার জন্য ১২টি বিষয় তুলে ধরা হয়।টিআইবি বলেছে, দুদকের স্বাধীনতা ও কার্যকারিতা সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার কথা। স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকরভাবে পরিচালিত হলে দুদক জনগণের কাছে সরকার প্রদত্ত অঙ্গীকার বাস্তবায়নে সহায়ক শক্তি হতে পারে। মন্ত্রিপরিষদের অনুমোদিত সংশোধনীর প্রস্তাব কার্যকরভাবে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে।হাফিজউদ্দিন খান বলেন, এই আইন পাস হলে দুদক অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হবে। দুদকের চেয়ারম্যান একজন সত্ লোক। হাত-পা বেঁধে ফেললে তিনি কাজ করতে পারবেন না।অধ্যাপক মোজাফ্ফর আহমেদ বলেন, দুদককে নির্বাহী বিভাগের অধীনে নেওয়া হলে কমিশনের উদ্দেশ্য ব্যাহত হবে। সচিব নিয়োগের বিষয়টি সরকারের হাতে থাকলে তা দুদককে আরও দুর্বল করবে। বিবেচনার জন্য ১২টি বিষয়: প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সংসদের বিবেচনার জন্য ১২টি বিষয় তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক। এগুলো হলো:১. টিআইবি মনে করে, সরকারি কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে সরকারের পূর্নানুমতি নেওয়ার যে বিধানের প্রস্তাব করা হয়েছে, তা বাস্তবিক পক্ষে সরকারি কর্মকর্তাদের দুদকের এখতিয়ারবহির্ভূত করার সমতুল্য। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি দুদকের কর্মপরিধির বাইরে নিয়ে যাওয়ায় প্রশাসন ও অন্য সব সরকারি খাতে লাগামহীন দুর্নীতির প্রসার ঘটাবে।২. প্রস্তাব অনুযায়ী দুদক রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকবে। এর ফলে দুদকের দায়বদ্ধতার বিষয়টি সরকার তথা দলীয় রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হবে। টিআইবির প্রস্তাব, দুদকের দায়বদ্ধতা জাতীয় সংসদের একটি বিশেষ কমিটিতে ন্যস্ত করা হোক। এই কমিটিতে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের একজন করে সদস্য থাকবেন।৩. দুদকে নিয়োগসংক্রান্ত প্রস্তাবিত সংশোধনী দুদকের ক্ষমতা খর্ব করবে। বর্তমান আইন অনুযায়ী, দুদক সচিবের নিয়োগকর্তা হচ্ছে কমিশন। সংশোধনী অনুযায়ী এ ক্ষমতা অর্পিত হবে সরকারের হাতে। এতে দুদকের কর্মব্যবস্থাপনা তথা সব কার্যক্রমে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। সচিব নিয়োগের ক্ষমতা দুদকের হাতেই থাকতে হবে।৪. প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, মিথ্যা অভিযোগে দুর্নীতির মামলা করা হলে পাঁচ বছরের কারাদণ্ড প্রযোজ্য হবে। টিআইবি মনে করে, দুদকের জন্য এরূপ বিশেষ বিধির দরকার নেই। প্রচলিত আইনেই মিথ্যা মামলাকারীর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা আছে।৫. দুদক আইন সংশোধন করে কমিশনকে নিজস্ব সাংগঠনিক কাঠামো নির্ধারণ, সব পর্যায়ের কর্মী নিয়োগ ও বাজেট প্রণয়ন এবং ব্যয়ের পূর্ণ ক্ষমতা দিতে হবে। এ ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংবিধিবদ্ধ নিরীক্ষার পাশাপাশি দক্ষ পেশাজীবীদের সমন্বয়ে দুদকে একটি শক্তিশালী নিরীক্ষা শাখা গঠন করতে হবে। ৬. কমিশনের বিভিন্ন কাজে সরকারের সম্ভাব্য একতরফা হস্তক্ষেপ প্রতিহত করার লক্ষ্যে দুদক আইন ২০০৪-এর ৩৬ নম্বর অনুচ্ছেদ বাতিল করতে হবে।৭. দুদকের আইনি ক্ষমতাকে এমনভাবে বিস্তৃত করতে হবে যেন সব ধরনের আর্থিক অপরাধ, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান, বিদেশি কোম্পানি ও বিদেশি লেনদেন-সম্পর্কিত অপরাধকে অন্তর্ভুক্ত করা হয়।৮. নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, সত্ ও দৃঢ় চরিত্রের অধিকারীদের নিয়ে একটি নাগরিক উপদেষ্টা কমিটি গঠন করা যেতে পারে। এই কমিটি দুদককে নানা উপদেশ দেবে এবং দুদকের কাজের মূল্যায়ন করবে।৯. দুদকের সব কর্মচারীর জন্য নিজেদের সম্পদ ও দায়-এর হালনাগাদ বিবরণ নিয়মিতভাবে ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যমে প্রকাশ করার বিধান প্রণয়ন ও প্রয়োগ করতে হবে।১০. স্বাধীন নিরীক্ষণের মাধ্যমে দুদকের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর বিশ্বাসযোগ্যতা পুনরায় যাচাইয়ের ব্যবস্থা করতে হবে।১১. দুদকের কর্মচারীদের বেতন-ভাতা জীবনযাত্রার ব্যয় ও কাজের ঝুঁকির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার সুপারিশ করেছে টিআইবি। ইতিবাচক প্রণোদনার পাশাপাশি অনিয়মের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান নিশ্চিত করতে হবে।১২. দুদকের সব কর্মীর জন্য একটি নৈতিক আচরণবিধি এবং পরিচালনা ম্যানুয়াল প্রবর্তন ও প্রয়োগ করতে হবে।