পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে কাজ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এটি দুদকের আওতাধীন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘দুদকের কাজ বলে আমরা মাথা গলাই না। শুধু মাঝে মাঝে তদন্তের অগ্রগতি সম্পর্কে তথ্য জানতে চাই। পরে আমরা জানতে পারি বিশ্বব্যাংক যে সম্পর্কে অভিযোগ করেছেন, সে সম্বন্ধে কোনো সাক্ষী-সাবুদ দেননি। এবং দুদক তাদের নিজস্ব উপায়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।’আজ রোববার সন্ধ্যায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিল নিয়ে সংবাদ সম্মেলনের শুরুতে অর্থমন্ত্রী এসব কথা বলেন। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের সিদ্ধান্তসহ প্রকল্পের সার্বিক অবস্থা নিয়ে সন্ধ্যায় সরকারের প্রতিক্রিয়া জানাতেই এ সংবাদ সম্মেলন।অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক বলেছে বাংলাদেশ যথাযথ ব্যবস্থা নেয়নি। তারা বিজ্ঞপ্তিতে দাবি করেছে যে তারা তিনটি বিষয়ে বাংলাদেশে সরকারের সম্মতি চায় এবং তারা সেটা পায়নি। আমি গতকাল শনিবার এক সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্বব্যাংকের বিজ্ঞপ্তি প্রদানের যৌক্তিকতা সম্বন্ধে সন্দেহ প্রকাশ করেছি এবং তাদের বিজ্ঞপ্তিটিকে অগ্রহণযোগ্য মনে করেছি। আমি আরও বলেছি যে পদ্মা সেতুর প্রকল্পে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ তারা তুলে ধরেছে এবং সে সম্পর্কে আমাদের কোনো পদক্ষেপ নেয়নি, এই কথাটিও সঠিক নয়। এই বিষয়ে কিছু বক্তব্য রাখার জন্য আমি আজকে আপনাদের আহ্বান করেছি। আমি আরও বলেছি যেহেতু জাতীয় সংসদের অধিবেশন চলছে সেহেতু আমি জাতীয় সংসদে বিস্তারিত বক্তব্য রাখব। জাতীয় সংসদের অধিবেদন আজকে হলে আমি আজকেই বক্তব্য দিতাম।’আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘যেহেতু বিশ্বব্যাংকের বিজ্ঞপ্তি প্রকাশের পর গণমাধ্যমে নানা ধরনের আধা-সত্য অথবা অভিমত ব্যক্ত করা হচ্ছে বলে আমার মনে হলো। তাই বিষয়টিকে খানিকটা প্রাঞ্জল করার দায়িত্ব আমার আছে। সে জন্য আমি আপনাদের ডেকেছি। এরপর আমি লিখিত বক্তব্য পেশ করছি।’লিখিত বক্তব্য অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতিম সংস্থা। স্বাধীনতার পর থেকে অদ্যাবধি ২৫১টি প্রকল্পের বিপরীতে এক হাজার ৬৮০ কোটি মার্কিন ডলার তারা অর্থায়ন করেছে। এবং এখন পর্যন্ত এক হাজার ৪৫০ কোটি মার্কিন ডলারের ঋণ অপরিশোধিত রয়েছে। বর্তমানে বিশ্বব্যাংকের অর্থায়নে ৩৫টি প্রকল্প বাংলাদেশে চলমান রয়েছে। যাতে মোট ৪৯৫ কোটি ডলার বিনিয়োগের ব্যবস্থা রয়েছে। প্রাথমিকভাবে বিশ্বব্যাংক সড়ক ও যোগাযোগে ক্ষেত্রে অর্থায়ন করলে পরবর্তী ২০০৭-২০০৮ সাল থেকে বিগত সরকারের সময়ে দুর্নীতির কারণে অর্থায়নে বিরত থাকে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ২০১০ বিশ্বব্যাংক সড়ক ও যোগাযোগ খাতসহ বিশেষ করে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে আগ্রহ প্রকাশ করে।অর্থমন্ত্রী বলেন, ‘২৯০ কোটি মার্কিন ডলারে প্রকল্পটি বাস্তবায়নে বিশ্বব্যাংক সঙ্গে ১২০ কোটি ডলার প্রদানের চুক্তি ২৮ এপ্রিল ২০১১ সালে সম্পাদন করে। কিন্তু প্রকল্পে কিছু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বিশ্বব্যাংক গত সেপ্টেম্বর মাস থেকে অর্থায়ন সাময়িকভাবে স্থগিত রাখে। এ বিষয়ে গত নয় মাস ধরে বিশ্বব্যাংকের সঙ্গে আমাদের আলোচনা এবং চিঠিপত্র আদান-প্রদান হচ্ছে। বিশ্বব্যাংকের সন্দেহ নিরসনের জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। এর প্রেক্ষিতে আমরা সেতু প্রকল্পের নেতৃত্বে পরিবর্তন এনেছি। বিশ্বব্যাংক মনে হয় এসব বিষয়ে আমলে নেয়নি।’ অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা বিশ্বব্যাংককে যেসব চিঠি লিখেছি তা আপনাদের দেব। সর্বশেষ ১২ জুনের চিঠিটিও আপনারা পাবেন।’অর্থমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে কোনো বিদেশি অর্থ ব্যবহূত হয় নাই। আমরা নিজেরা এক হাজার ৫০০ কোটি টাকা ব্যয় করেছি। ভূমি-গ্রহণ এবং অভিবাসন খাতে টাকা ব্যয় করা হয়।’অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংকের সঙ্গে সমঝোতার খাতিরে তারা আমাদের অত্যন্ত বড় উন্নয়ন অংশীদার (ডেভেলপমেন্ট পার্টনার) এবং আমরা তাদের বুদ্ধি-বিবেচনার মূল্য দেই। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল যে বিষয়টি এমনভাবে সমাধান হবে, যাতে সম্ভাব্য দুর্নীতির জন্য আমরা অসম্মানজনক কোনো লেভেলিং নামক আন্ডার স্ট্যান্ডিং সম্পাদন করব না। এবং দুদকের স্বাধীনতা রক্ষার জন্য তারা কোনো বিদেশির সঙ্গে টার্মস অব রেফারেন্স গ্রহণ করব না। তবে তারা অন্যান্য যেসব বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন সেগুলো নিয়ে সমঝোতায় পৌঁছার চেষ্টা করি। কেন একটি অসম্মানজনক বিবৃতি জারি করল তা বাস্তবেই অনাকাঙ্ক্ষিত এবং নৈরাশ্যজনক। এই বিষয়টি বিশ্বব্যাংকের পুনর্বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। বিশ্বব্যাংকে আমাদের নির্বাহী পরিচালক তাদের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে। আমরা দাবি পুনর্বিবেচনার জন্য অপেক্ষা করব।’অর্থমন্ত্রী বলেন, ‘আমি আবারও বলছি, বিশ্বব্যাংকের দাবি গ্রহণযোগ্য এবং সঠিক নয়। আমরা এখনো চাই বিশ্বব্যাংকের সঙ্গে সুষ্ঠুভাবে বিষয়টি সমাধান হোক।’