দুদকের কর্মকর্তাসহ ভর্তি পরীক্ষা জালিয়াত চক্রের ১১ জন আটক
মুঠোফোনে উত্তর সরবরাহ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে সহযোগিতাকারী একটি জালিয়াত চক্রকে শনাক্ত করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক সহকারী পরিদর্শকসহ এই চক্রের ১১ জনকে আটক করা হয়েছে। এর সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন দুদকের সহকারী পরিদর্শক মফিজুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সপ্তম সেমিস্টারের ছাত্র রেফায়েত সানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র অমিতাভ চৌধুরী, ফিন্যান্স বিভাগের সন্ধ্যাকালীন এমবিএর ছাত্র আবদুল্লাহ আল মামুন, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র হাবিবুর রহমান হাবিব, সাংবাদিকতা বিভাগের সাবেক ছাত্র নুরুল হুদা ওরফে ডলার মাহমুদ, সমাজবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র কফিলউদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রচার সম্পাদক রুবেল বিশ্বাস, একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজিজুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র পরশ ও একই বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ছাত্র মো. সাজ্জাদ হোসেন।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, এই চক্রের সদস্যরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষায় মুঠোফোনে উত্তর সরবরাহ করে পরীক্ষার্থীদের সহযোগিতা করে থাকেন। আটক দুদকের সহকারী পরিদর্শক মফিজুর রহমান ও কফিলউদ্দিন এ চক্রের মূল হোতা। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় আজ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। গতকাল শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী হারুন-অর-রশীদ ওরফে হীরাকে আটক রেখে মুক্তিপণ দাবি করেছিলেন আটক হাবিবুর রহমান ও রুবেল বিশ্বাস। হীরা সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছেন। তাঁদের তথ্যের ভিত্তিতে পরবর্তী সময় বাকিদের আটক করা হয়। হীরা সাংবাদিকদের বলেন, ভর্তি পরীক্ষার আগে রুবেলের সঙ্গে পরিচয় হওয়ার পর তিনি তাঁকে ৬০ হাজার টাকার বিনিময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং উত্তর বলে দেবেন বলে মৌখিক চুক্তি করেন। জামানত হিসাবে তাঁরা একাডেমিক ট্রান্সস্ক্রিপ্ট রেখে দেন। কিন্তু শুক্রবার প্রশ্ন না দিয়ে পরীক্ষার আগ মুহূর্তে রুবেল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাসুদ নামের এক ছাত্র দেখা করে তাঁকে একটি ঘড়ি দেন। ওই ঘড়ির মাধ্যমে তাঁরা খুদে বার্তায় উত্তর পাঠিয়ে দেবেন বলে জানান। এতে ঝুঁকি থাকায় ঘড়ি নেননি হীরা। হীরা বলেন, পরীক্ষা শেষ হওয়ার পর রুবেল ফোনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একাডেমিক ট্রান্সস্ক্রিপ্ট নিয়ে যেতে বলেন। কিন্তু টিএসসিতে গেলে পর তাঁরা তাঁকে নিয়ে জিয়াউর রহমান হলের ২০৮ নম্বর কক্ষে (হাবিবের কক্ষ) আটকে রেখে চুক্তির দ্বিগুণ এক লাখ ২০ হাজার টাকা দাবি করেন। রাতেই এস এ পরিবহনের এলিফ্যান্ট রোড শাখার মাধ্যমে ওই টাকা পাঠানোর দাবি জানান তাঁরা। কিন্তু ততক্ষণে তা বন্ধ হয়ে যাওয়ায় গতকাল শনিবার সকাল পর্যন্ত সময় বাড়ান। গতকাল হীরার বাবা এসএ পরিবহনের মাধ্যমে টাকা পাঠান এবং একই সঙ্গে ডিবি পুলিশকে খবর দেন। দুপুর আড়াইটার সময় এস এ পরিবহনের এলিফ্যান্ট রোড শাখা থেকে টাকা আনতে গেলে ডিবি পুলিশ হাবিব ও রুবেলকে আটক করে। পুলিশের ধারণা, এ ঘটনার সঙ্গে বড় একটি চক্র জড়িত এবং আটক ব্যক্তিদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী আটক রয়েছেন তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে পুলিশ আইনি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাডেমিক ব্যবস্থা নেবে।