দুদকের কাজে সন্তুষ্ট বিশ্বব্যাংক (ভিডিও)
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজে বিশ্বব্যাংক সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন সংস্থাটির কমিশনার মো. শাহাবুদ্দিন। তিনি জানান, বিশ্বব্যাংকের পর্যবেক্ষক প্যানেলের পক্ষ থেকে দুদকের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ই-মেইল পাঠানো হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় দুদক কার্যালয়ে নিজ কক্ষে কমিশনার মো. শাহাবুদ্দিন সাংবাদিকদের এসব কথা জানান।দুদকের কমিশনার আরও জানান, দুদকের কাছ থেকে পাওয়া মামলার এজাহারের অনুলিপি পাওয়ায় তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা মনে করছে, এবার তদন্তের ক্ষেত্রে ‘ওয়াইডার স্কোপ’ তৈরি হয়েছে। মামলার পর এই প্রথম বিশ্বব্যাংকের কোনো প্রতিক্রিয়া জানাল দুদক। বিশ্বব্যাংকের পর্যবেক্ষক দল দুই দফা বাংলাদেশ সফর করে। এর পরই দুদক পদ্মা সেতুর প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে মামলা করে। প্রায় সোয়া ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু তৈরিতে বিশ্বব্যাংকের ১২০ কোটি ডলার ঋণ দেওয়ার কথা ছিল। কিন্তু দুর্নীতির অভিযোগে তারা ঋণচুক্তি বাতিল করেছিল।গত ১৭ ডিসেম্বর বনানী থানায় বাদী হয়ে মামলা করেন দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান আবদুল্লাহ আল জাহিদ। প্রাথমিক অনুসন্ধানে দুর্নীতির ষড়যন্ত্রের সঙ্গে ১০ জনের নাম থাকলেও মামলা করা হয়েছে সাতজনের বিরুদ্ধে। বাদ পড়েন বর্তমান সরকার দলের সঙ্গে সম্পৃক্ত তিনজন। তাঁরা হলেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী এবং সরকারি দলের হুইপ লিটন চৌধুরীর ভাই নিক্সন চৌধুরী। আর মামলা করা হয়েছে সরকারি তিন কর্মকর্তা এবং কানাডার প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের চারজনের বিরুদ্ধে। তাঁদের মধ্যে তিনজনই বিদেশি নাগরিক।দুদকের মামলার আসামিরা: সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, সেতুর নির্মাণ পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব কাজী মো. ফেরদাউস, সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের, এসএনসি-লাভালিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল, আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ এবং এসএনসি-লাভালিনের স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্ট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোস্তফা।