দুদকের কোনো চিঠি পায়নি বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোনো চিঠি পায়নি বিশ্বব্যাংক।দুদকের কার্যালয় সেগুনবাগিচায়। আর বিশ্বব্যাংকের কার্যালয় আগারগাঁওয়ে। সেগুনবাগিচা থেকে একটি চিঠি আগারগাঁও যেতে কত দিন লাগবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি দুদক।দুদকের চেয়ারম্যান গোলাম রহমান গত ১৯ সেপ্টেম্বর প্রথম আলোসহ বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে তথ্য চেয়ে বিশ্বব্যাংককে চিঠি দেওয়া হবে। বিষয়টি নিয়ে দুদক তদন্ত করবে বলেও জানিয়েছিলেন তিনি। ৭ অক্টোবর বিবিসিকে দুদকের চেয়ারম্যান আবার জানান, পদ্মা সেতু নিয়ে দুদককে এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে। তিনি আরও বলেছিলেন, বিশ্বব্যাংকের কাছ থেকে উত্তর পাওয়ার পর যদি প্রয়োজন হয় তাহলে কানাডিয়ান পুলিশকেও তথ্য-উপাত্ত সরবরাহ করার অনুরোধ জানানো হবে।জানা গেছে, বিশ্বব্যাংক এখন পর্যন্ত দুদকের কাছ থেকে কোনো চিঠি পায়নি। এই চিঠি না পাওয়ার কথা বিশ্বব্যাংক দুদককেও জানিয়ে দিয়েছে। এ কারণে বিশ্বব্যাংক কোনো উত্তরও দিতে পারছে না।পদ্মা সেতু নির্মাণ-প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক ঋণসহায়তা ছাড় দেওয়া স্থগিত করেছে। বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার ঋণসহায়তার অনুমোদন দিয়েছিল। বিশ্বব্যাংক সরকারকে জানিয়ে দিয়েছে, দুর্নীতির অভিযোগ নিষ্পত্তি না হলে পদ্মা সেতু নির্মাণে কোনো অর্থ দেওয়া হবে না। তাই আটকে গেছে পদ্মা সেতুর কাজ।বিশ্বব্যাংক এই অবস্থান নেওয়ায় বাংলাদেশের পক্ষ থেকেও তদন্ত করার ঘোষণা দেওয়া হয়। এরই অংশ হিসেবে দুদক চিঠি দেওয়ার কথা জানিয়েছিল। তবে দুদক তদন্ত করলেও তা বিশ্বব্যাংক গ্রহণ করবে কি না, তা নিশ্চিত নয়। নিজস্ব তদন্ত শেষে সন্তুষ্ট হলে তবেই বিশ্বব্যাংক পদ্মা সেতু নিয়ে এগোবে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের নিজস্ব তদন্ত কবে শেষ হবে, এরও নির্দিষ্ট কোনো সময় নেই বলে জানা গেছে।