উদ্বেগ প্রকাশ করে অর্থমন্ত্রীর কাছে উন্নয়ন সহযোগীদের চিঠি
দুদকের ক্ষমতা কমানোর বিপক্ষে দাতাগোষ্ঠী
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ক্ষমতা ক্ষুণ্ন হওয়ার বিষয়টি উদ্বেগজনক। কারণ, দুদকের ক্ষমতা কমে গেলে দুর্নীতি রোধের প্রয়াস ব্যাহত হবে। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে দুর্নীতি দমনের পদক্ষেপ অব্যাহত রাখার বিকল্প নেই। তাই দুদককে শক্তিশালী করতে হবে। দুর্নীতি দমনে বাংলাদেশকে সহযোগিতা করতে তৈরি আছে উন্নয়ন সহযোগীরা।সম্প্রতি সরকারের কাছে দেওয়া এক চিঠিতে এ অভিমত জানিয়েছে উন্নয়ন সহযোগী বা দাতাগোষ্ঠীর জোট হিসেবে পরিচিত লোকাল কনসালটেটিভ গ্রুপ (এলসিজি)। কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে জানিয়েছে, এলসিজির নির্বাহী কমিটির প্রধান ক্রিস অস্টিন গত মার্চে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে এ চিঠি দেন। এ ছাড়া ১১ মে এলসিজির এক বৈঠকেও দুদক আইন সংস্কারের বিষয়ে উন্নয়ন সহযোগীরা উদ্বেগ প্রকাশ করেছে।বাংলাদেশে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডিএফআইডির (ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) প্রধান ক্রিস অস্টিন বর্তমানে এলসিজির সাত সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।অর্থসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এবং ঢাকাভিত্তিক দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ ৩৯টি সংস্থা নিয়ে এলসিজি গঠিত।এলসিজির সাম্প্রতিক এক বৈঠকে দেশের আর্থসামাজিক পরিস্থিতিসহ সর্বশেষ অবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়। ১১ মে ঢাকায় অনুষ্ঠিত ওই বৈঠকে দুদক ছাড়াও বিচারব্যবস্থার বিষয়টি প্রাধান্য পায়। দুদক আইন সংস্কারের বিষয়ে তারা নেতিবাচক মত দেয়। বৈঠকে বলা হয়, দুদকের ক্ষমতা ক্ষুণ্ন করার অর্থ হচ্ছে দুর্নীতি রোধের ব্যাপারে সরকার তাঁর নির্বাচনী অঙ্গীকার থেকে পিছু হটছে। সরকারের পদক্ষেপ শুধু দুর্নীতি দমনের অঙ্গীকার থেকেই পিছু হটাই নয়, এর ফলে প্রশাসনসহ সমাজের বিভিন্ন স্তরের জবাবদিহি প্রশ্নবিদ্ধ হতে পারে। ফলে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হবে।উল্লেখ্য, দুদক আইন সংস্কারের কিছু প্রস্তাব এরই মধ্যে মন্ত্রিসভা অনুমোদন করেছে। ওই প্রস্তাব কার্যকর হলে দুদকের স্বাধীনভাবে কাজ করার অধিকার খর্ব হবে বলে অভিযোগ উঠেছে।আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের রূপকল্প ২০২১-এ দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়। এতে বলা হয়, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ সুশাসনেরও অন্যতম পূর্বশর্ত। স্বাধীন ও শক্তিশালী দুর্নীতি দমন কমিশনসহ দুর্নীতি দমনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করে গড়ে তোলা হবে। দুর্নীতির বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।অর্থমন্ত্রীর কাছে উন্নয়ন সহযোগীদের চিঠিতে বলা হয়, গণমাধ্যমে জানা যাচ্ছে, দুদকের ক্ষমতা খর্ব করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। কারণ, দুর্নীতি রোধ করতে হলে দুদককে শক্তিশালী করতে হবে। সে ক্ষেত্রে সাম্প্রতিককালে দুদকের ক্ষমতা কমার খবরটি সুখপ্রদ নয়।অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা এলসিজির চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘উন্নয়ন সহযোগীরা প্রায় সময়ই বিভিন্ন বিষয়ে সুপারিশ দিয়ে এ ধরনের চিঠি লিখে থাকে। অনেক সময় আমরা তাদের সুপারিশ বিবেচনা করে থাকি। তবে তাদের সব সুপারিশ মানতেই হবে, তার কোনো মানে হয় না।’ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কূটনীতিক মনে করেন, দুদককে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। তা না হলে দুর্নীতি রোধের প্রয়াস সফল হবে না, বরং ব্যাহত হবে উন্নয়ন কর্মকাণ্ড। এ ছাড়া দুদক যেমন দুর্নীতির তদন্ত করবে নিরপেক্ষভাবে, তেমনি আইনি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে বিচার বিভাগকেও স্বাধীনভাবে কাজ করতে হবে। তা না হলে দুর্নীতি দমনের প্রয়াস মাঝপথে থমকে যাবে।ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোইন ৮ মে ঢাকায় এক সংবাদ সম্মেলনে দুদকের ক্ষমতা খর্ব করার বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখান। তিনি বলেন, দুদককে রাজনৈতিক প্রভাবমুক্ত একটি নিরপেক্ষ সংস্থা হতে হবে। পাশাপাশি বিচার বিভাগকেও স্বাধীন হতে হবে। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) বৈঠকে সামগ্রিকভাবে দুর্নীতি দূরীকরণকে অগ্রাধিকার দেওয়ার কথা বারবার এসেছে। উন্নয়ন সহযোগীরা বিশেষ করে উন্নয়ন প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনায় যাতে স্বচ্ছতা নিশ্চিত করা হয়, সে বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। তা ছাড়া প্রকল্প বাস্তবায়নে গুণগত মান নিশ্চিত করার ব্যাপারে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে, সে প্রসঙ্গটিও এসেছে।এদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ধীরগতির বিষয়েও উন্নয়ন সহযোগীরা সরকারের কাছে তাদের অসন্তোষ প্রকাশ করেছে। কূটনীতিক সূত্রে জানা গেছে, গত ডিসেম্বরে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রধান হিসেবে সুইডেনের রাষ্ট্রদূত ব্রিট এফ হ্যাগস্টর্ম অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে লেখা চিঠিতে তাঁদের উদ্বেগের বিষয়টি তুলে ধরেন। চিঠিতে বলা হয়, যে পদ্ধতিতে এডিপির বাস্তবায়ন হচ্ছে, তা সন্তোষজনক নয়। এভাবে এডিপির বাস্তবায়ন প্রক্রিয়া চলতে থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশের মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য পূরণ হবে না। এ ছাড়া সরকারি ক্রয়সংক্রান্ত আইন ও বিধি সংশোধনীর সমালোচনা করে চিঠিতে বলা হয়, এ আইন আন্তর্জাতিক মানের হওয়া বাঞ্ছনীয়।