দুদকের ক্ষমতা খর্ব
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দুদক আইন, ২০০৪ অনুমোদন করেছে সরকার। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত আইনটির নীতিগত অনুমোদন দেওয়া হয়।নির্ভরযোগ্য সূত্র জানায়, সংশোধনী অনুযায়ী দুদক সব কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকবে। সরকারি কোনো কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে হলে সরকারের পূর্বানুমতি লাগবে। সরকারের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার কার্যক্রম সম্পর্কে প্রশ্ন করতে হলে কমিশনকে উপযুক্ত কর্মকর্তা নিয়োগ করতে হবে। কমিশনের সচিব নিয়োগ দেবে সরকার এবং সচিবই মুখ্য হিসাব কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।এ ছাড়া কেউ দুর্নীতির মিথ্যা অভিযোগ আনলে পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার বিধান রাখা হয়েছে। দুর্নীতিসংক্রান্ত অভিযোগ অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শী কোনো সরকারি কর্মকর্তার সহায়তা নিতে পারবে কমিশন।বিশেষজ্ঞরা বলছেন, এই সংশোধনীগুলো আইন হলে দুদকের ক্ষমতা খর্ব হবে। দুদক কাগুজে বাঘে পরিণত হবে।প্রস্তাবিত সংশোধনীর আইনি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনি মতামত পেলে এবং তা সংসদে পাস হলে আইনটি কার্যকর হবে।বর্তমান আইনে দুদক কাজকর্মের জন্য কারও কাছে দায়বদ্ধ নয়। দুর্নীতির অভিযোগে যে কারও বিরুদ্ধে দুদক মামলা করতে পারে। সচিব নিয়োগের ক্ষেত্রেও দুদকের স্বাধীনতা আছে। প্রস্তাবিত সংশোধনীগুলো আইনে পরিণত হলে কমিশনের সব কাজে রাষ্ট্রের নির্বাহী বিভাগের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে।২০০৪ সালে আইনটির বেশির ভাগ সংশোধনীতেই দুদকের আপত্তি ছিল। কিছু কিছু ক্ষেত্রে দুদক একমতও পোষণ করেছে। কিন্তু দুদককে উপেক্ষা করা হয়েছে।প্রস্তাবিত আইনটি মন্ত্রিসভায় অনুমোদনের পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ‘২০০৪ সালের আইনের কিছু কিছু ক্ষেত্রে সংশোধন নিয়ে কয়েকটি সুপারিশ পাঠিয়েছিলাম। তবে মন্ত্রিসভায় নীতিগত সিদ্ধান্তের ওপর আমার কিছু বলার নেই। আশা করি, সংসদে চূড়ান্তভাবে যে আইন প্রণয়ন করা হবে, তা জনহিতকরই হবে। কমিশন অবশ্যই সংসদে প্রণীত আইনের পরিধি অনুযায়ী কাজ করবে।’ সংশোধিত আইন অনুযায়ী দুদকের ক্ষমতা কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘দুদক স্বাধীনভাবে কাজ করতে না পারলে দুর্নীতি বাড়বে, এটাই স্বাভাবিক। আশা করব সরকার সংশোধিত আইনে দীর্ঘসূত্রতা, আইন কাঠামোর দুর্বলতা, বিশেষ করে যথাযথ প্রয়োগের ওপর জোর দেবে। সরকারের ওপর আমার বিশ্বাস রয়েছে।’ মিথ্যা অভিযোগ করলে পাঁচ বছরের জেল ও অর্থদণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘আইন চূড়ান্ত হোক, তারপর এ বিষয়ে মন্তব্য করা যাবে।’সূত্র জানায়, সরকার দুর্নীতি দমন কমিশনকে একটি শক্তিশালী, গণমুখী ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে ২০০৪ সালে আইনটি সংশোধনের উদ্যোগ নেয়। মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে আইন সংশোধনের জন্য কমিটি করা হয়। কমিটি ছয়টি বৈঠক শেষে কিছু সুপারিশ করে। এই আইনের কিছু ধারা সংশোধনে কমিশন দ্বিমত পোষণ করে। কিন্তু কমিশনের মত আমলে নেওয়া হয়নি।রাষ্ট্রপতির কাছে জবাবদিহি: সংশোধনী আইন অনুযায়ী কমিশনের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করতে হবে এবং তা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। দুদক সব কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকবে। কমিশনারদের রাষ্ট্রপতির কাছে জবাবদিহি করতে হবে।সূত্র জানায়, প্রস্তাবিত সংশোধনীর বিরোধিতা করে দুদক বলেছে, কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীনতা থাকলেও তা অসীম নয়। কমিশন ও কমিশনের কর্মকর্তাদের সিদ্ধান্ত ও কার্যাবলি আইন দ্বারা নিয়ন্ত্রিত এবং আইনি পর্যালোচনার আওতাভুক্ত। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে অন্য সব দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে। ফলে রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকার বিধান করা হলে দুদকের ওপর রাষ্ট্রের নির্বাহী বিভাগের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। প্রস্তাবে দুদকের মন্তব্যে বলা হয়েছে, এই সংশোধনী গৃহীত হলে কমিশন একটি পক্ষপাতদুষ্ট, হীনবল, অযৌক্তিক, গণবিরোধী এবং অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। সূত্রমতে, মন্ত্রিসভার বৈঠকে সংশোধনীর পক্ষে বলা হয়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুদক অনেক অন্যায় কাজ করেছে। জবাবদিহি না থাকায় ক্ষমতার অপব্যবহার করেছে। তা ছাড়া রাষ্ট্রের কেউই জবাবদিহির ঊর্ধ্বে নয়। রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকলে কমিশন স্বেচ্ছাচারিতা করতে পারবে না।সূত্র জানায়, সংশোধনীতে কমিশন সরকার কর্তৃক সচিব নিয়োগেরও বিরোধিতা করেছে। বলেছে, এই বিধান কমিশনের আইনের মুখবন্ধ এবং ‘স্বাধীন’ কমিশনের ধারণার সঙ্গে সংগতিপূর্ণ নয়।সংশোধনী আইনে বলা হয়েছে, দুদকের নিম্ন পর্যায়ের কর্মকর্তা সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তার কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারবে না। সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাজ সম্পর্কে দুদকের সমমানের কর্মকর্তাই জিজ্ঞাসাবাদ করতে পারবেন।বিভিন্ন দেশের আইন পর্যালোচনায় উপকমিটি: সংশোধনীতে দুর্নীতি প্রতিরোধে সাফল্য অর্জনকারী বিভিন্ন দেশের আইন পর্যালোচনার জন্য একটি উপকমিটি গঠনের প্রস্তাব করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের একজন যুগ্ম সচিবকে প্রধান করে উপকমিটিতে সদস্য থাকবেন পাঁচজন।সূত্র জানায়, এ সংশোধনীর বিরোধিতা করে দুদক বলেছে, বর্তমান আইন বিভিন্ন দেশের দুর্নীতি দমনসংশ্লিষ্ট আইনসমূহ ও বাংলাদেশের পরিপ্রেক্ষিত বিবেচনায় নিয়ে প্রণয়ন করা হয়েছে।সরকারের অনুমোদন ছাড়া চুক্তি করা যাবে না: সংশোধনী আইনে কমিশনের সঙ্গে দেশি-বিদেশি সংস্থার চুক্তি করার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। বিদ্যমান আইনে দেশি বা বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি করার ক্ষমতা কমিশনের আছে। সংশোধনী আইনে বলা হয়েছে, কমিশন সরকারের সম্মতি ছাড়া দেশ বা আন্তর্জাতিক কোনো সংস্থার সঙ্গে কোনো চুক্তি করতে পারবে না। তাদের কাছ থেকে কোনো সহায়তা বা ঋণ নিতে পারবে না।দুদকের পক্ষ থেকে এ সংশোধনীরও বিরোধিতা করা হয়েছে।স্বশাসিত শব্দ বাদ: গত তত্ত্বাবধায়ক সরকার অধ্যাদেশ জারি করে দুদকের সঙ্গে স্বশাসিত শব্দ সংযোজন করেছিল। অধ্যাদেশটি সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপন না করায় তা বিলুপ্ত হয়ে যায়। সংশোধনী আইনে স্বশাসিত শব্দটি বাদ দেওয়া হয়েছে।এ ক্ষেত্রে সরকারের যুক্তি হলো স্বশাসিত প্রতিষ্ঠান নিজের আয় থেকে ব্যয় নির্বাহ করে। কিন্তু দুদকের নিজস্ব কোনো আয় নেই। এই প্রতিষ্ঠানটি সরকারের অর্থ দিয়ে চলে। তাই প্রতিষ্ঠানটি স্বশাসিত হবে না। এ ছাড়া সংশোধনীতে বলা হয়েছে, কোনো সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গোপন তথ্য কমিশনকে না দিলে তাদের ওপর চাপ প্রয়োগ করা যাবে না। সংশোধনী আইনে কমিশনের যেকোনো মামলার তদন্ত ৬০ দিনের মধ্যে শেষ করার বিধান রাখা হয়েছে। মামলার বিচারকাজও ৬০ দিনের মধ্যে শেষ করতে হবে। সংশোধনী আইনে কমিশনকে করদাতাদের তথ্য গোপন রাখার কথা বলা হয়েছে।এ বিষয়ে যোগাযোগ করা হলে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, আইনের সংশোধনী অনুযায়ী দুদকের ক্ষমতা খর্ব হবে এবং অবশ্যই এটা কাগুজে বাঘে পরিণত হবে। আর এটা হবে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের পরিপন্থী। তিনি বলেন, সংশোধনীতে দুদকের ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুস্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা চাই, দুদক দায়বদ্ধ থাকুক। তবে রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকলে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ থাকবে। এ ক্ষেত্রে দুদকের দায়বদ্ধতার জন্য সুপ্রিম জুডিশিয়াল কমিটি বা সব দলের একজন প্রতিনিধির সমন্বয়ে সংসদীয় কমিটি গঠন করা যেতে পারে।’