দুদকের চেয়ারম্যান পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় বিটিভি ভবনের সামনে থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে দুই সদস্যের এক প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। আটক হওয়া দুজন হলেন জিয়াউর রহমান ও মো. ইসরাফিল।দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও তাঁর সহকারী একান্ত সচিবের (এপিএস) পরিচয় দিয়ে দুর্নীতির অভিযোগ থেকে রেহাই দেওয়ার নাম করে তাঁরা বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় সাত-আট লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাবের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।এ সময় দুদকের পক্ষে সংবাদবিজ্ঞপ্তি পাঠ করেন দুদকের পরিচালক (অবলোকন ও মূল্যায়ন) মেজর আশিস সরকার। দুদকের চেয়ারম্যান ও তাঁর এপিএসের নাম ব্যবহার করে জিয়াউর বিভিন্ন মানুষকে প্রতারণা করেছে বলে ওই সংবাদবিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।ব্রিফিংয়ে জিয়াউর রহমান জানান, তাঁর বাড়ি মাদারীপুর জেলায়। ২০১১ সালে ডাচ-বাংলা ব্যাংকে দুদকের চেয়ারম্যান গোলাম রহমানের নাম ব্যবহার করে তিনি একটি হিসাব খোলেন। সেই হিসাবের মাধ্যমে তিনি বিভিন্ন লোককে দুর্নীতির অভিযোগ থেকে রেহাই দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে টাকা গ্রহণ করেন। কোন পরিচয়ে তিনি টাকা চাইতেন ও দুর্নীতির অভিযোগ থাকা ব্যক্তিদের কীভাবে খুঁজে বের করতেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জিয়াউর রহমান বলেন, তিনি নিজেকে কমিশনার সাহাবুদ্দিন নামে পরিচয় দিতেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে অভিযোগ থাকা ব্যক্তিদের শনাক্ত করতেন। এর পর টেলিফোন গাইড থেকে নম্বর নিয়ে তিনি ওই ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন বলে জানান।গ্রেপ্তার হওয়া ইসরাফিল জানান, তাঁর বাড়ি বরিশালে। রাজধানীর মালিবাগে একটি গ্লাসের দোকানে তিনি কাজ করতেন। ২০১০ সালের শেষ দিকে মালিবাগের একটি রেস্তোরাঁয় জিয়াউর রহমানের সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রথম পরিচয়ে জিয়াউর তাঁকে এসএ পরিবহন থেকে তাঁর ২০ হাজার টাকা তুলে আনতে বলেন। ইসরাফিল টাকা নিয়ে এলে জিয়াউর তাঁকে এক হাজার টাকা বখশিশ দেন। এর কিছুদিন পর একইভাবে আবার তিনি জিয়াউরকে এসএ পরিবহন থেকে আরও ২০ হাজার টাকা এনে দেন। এবার তিনি বখশিশ পান তিন হাজার টাকা। একপর্যায়ে ইসরাফিলকে একটি ব্যাংক হিসাব খুলে দিতে অনুরোধ করেন জিয়াউর। তাঁর কথামতো, ইসরাফিল ডাচ-বাংলা ব্যাংকে তাঁর বড় ভাই কামরুল হকের রেফারেন্স দিয়ে জিয়াউরকে একটি হিসাব খুলে দেন। জিয়াউরের পরামর্শ অনুযায়ী দুদক চেয়ারম্যান গোলাম রহমানের নামে ওই হিসাবের নাম দেওয়া হয়। ব্যাংক হিসাব খোলার ১০ দিনের মাথায় ইসরাফিল ব্যাংকের ডেবিট কার্ড ও চেক বইয়ের সব পাতায় স্বাক্ষর করে জিয়াউরকে দিয়ে দেন। এরপর দীর্ঘদিন তাঁর সঙ্গে জিয়াউরের যোগাযোগ বন্ধ থাকে।ইসরাফিলের ভাষ্য, পরবর্তী সময়ে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষ হিসাবের রেফারি কামরুল হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। কামরুল ইসরাফিলকে বলেন, যাঁর নামে এই হিসাব খোলা হয়েছে, তাঁকে ব্যাংকের কাছে নিয়ে যাও। কিন্তু ইসরাফিল জিয়াউরের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হন। গতকাল মুঠোফোনে জিয়াউরের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। এ সময় জিয়া জানান, তিনি মাদারীপুরে ছিলেন। আজ ঢাকায় আসছেন। এলে দেখা হবে। পরে ইসরাফিল দোকানের কাজে রামপুরার আফতাফ নগরে যাওয়ার পর জিয়াউরের সঙ্গে তাঁর আবার মুঠোফোনে কথা হয়। এরপর রামপুরার বিটিভি ভবনের সামনে দেখা করার সময় র‌্যাব-১০-এর সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন।জিয়াউর রহমান জানান, এ পর্যন্ত ১৫-১৬ জন ব্যক্তির কাছ থেকে প্রায় আট লাখ টাকা নিয়েছেন তিনি।এই চক্রের প্রতারণার ফাঁদে যাঁরা পড়েছেন, তাঁরা পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, রেলওয়েসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের কর্মকর্তা বলে জানা গেছে। তবে র‌্যাবের নির্দেশ ও তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করা হয়নি।প্রেস ব্রিফিংয়ে দুদকের বিশেষ অনুসন্ধান বিভাগের স্কোয়াড্রন লিডার তাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।র‌্যাব-১০-এর কমান্ডিং অফিসার ও পরিচালক লে. কর্নেল আমির মজিদ জানান, দুদকের চেয়ারম্যান ও র‌্যাবের কাছে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব-১০ এ বিষয়ে তদন্তে নামে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। তবে আজকের মধ্যেই সংশ্লিষ্ট থানায় মামলা হবে।