তাগাদা দিয়ে চিঠি পাঠানো সত্ত্বেও ২৫ জনের মধ্যে ২০ জনই হাজির হননি দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদে। না আসার কোনো কারণও তাঁরা জানাননি। সোনালী ব্যাংক থেকে প্রায় ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দ্বিতীয় দফায় নোটিশ পাঠানোর পরও একই অবস্থা। এখন বাধ্য হয়ে সংশ্লিষ্ট থানার সাহায্য চেয়েছে দুদক। দুদকের অনুসন্ধান পূর্ব রামপুরার একটি ঠিকানা ব্যবহার করে গ্রিন প্রিন্টার্স নামের একটি প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের আগারগাঁও শাখা থেকে ঋণপত্র বা এলসি জালিয়াতির মাধ্যমে প্রায় ১৫০ কোটি টাকা হাতিয়ে নেয়। গ্রিন প্রিন্টার্সের স্বত্বাধিকারী গৌতম মিত্র তাঁর কর্মচারী আবুল হোসেনকে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে কমপক্ষে এক ডজন প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন ধরনের রপ্তানিমূলক কাজের নামে ব্যাংকের কাছে ভুয়া কাগজপত্র জমা দেন। আবার গৌতম মিত্র অপি টেক্সটাইল, এইচবি টেক্সটাইলস, মাধবপুর টেক্সটাইলস, শোভন টেক্সটাইল, চাষাঢ়া টেক্সটাইলসহ ২০টি প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেনও করেছেন। তাঁরা গৌতম মিত্রের কাছ থেকে পাওয়া ঋণপত্রের ভুয়া নথি নিজস্ব ব্যাংক হিসাবে জমা দিয়ে অর্থও তুলে নিয়েছেন। পুরো বিষয়টির অনুসন্ধান করছেন দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক বেনজীর আহমেদ। কিন্তু গৌতম ও আবুলকে জিজ্ঞাসাবাদের জন্য বারবার ডাকা সত্ত্বেও দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হননি তাঁরা। দুদক সূত্রে জানা গেছে, দুদকের ইতিহাসে এই প্রথম পুলিশি সাহায্য চাওয়া হয়েছে। বেনজীর আহমেদ জানান, আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজস্ব বক্তব্য দিতে গৌতম মিত্রকে ১৮ অক্টোবর দুদকে হাজির হতে নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি আসেননি এবং এ বিষয়ে কোনো ধরনের তথ্যও দুদককে দেননি। তাই গৌতম মিত্রের ধানমন্ডির বাসা ও রামপুরার অফিস-সংশ্লিষ্ট থানায় সাহায্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। দুদক সূত্র আরও জানায়, একই ঘটনায় এইচবি টেক্সটাইলসের মালিক আশরাফ হোসেন, পুরানা পল্টনের বাসিন্দা কামরুজ্জামান, চাষাঢ়া টেক্সটাইলসের জহিরুল ইসলাম খান, মনেশ্বর রোডের বাসিন্দা আহসানউল্লাহ খান, উত্তরার বাসিন্দা নুরুল ইসলাম, ধানমন্ডির বাসিন্দা তারেক হোসেন, মতিঝিলের শামসুন্নাহার, ধানমন্ডির মোবারক হোসেন, বনশ্রীর সাইফুল ইসলাম, নিউ ডিওএইচএসের বাসিন্দা দেলোয়ার হোসেন, সার্কুলার রোডের সুলতানা ইসলাম, উত্তর গোড়ানের মুস্তাফিজুর রহমান, বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা রিয়াজুল ইসলাম ও মুন্সিগঞ্জের মীরকাদিম এলাকার বাসিন্দা মিজানুর রহমানকে হাজির করতেও সংশ্লিষ্ট থানায় পুলিশি সাহায্য পেতে নোটিশ পাঠানো হয়েছে।সংস্থার চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, অনেকের নাম আসে অনুসন্ধানের সময়। কে দোষী আর কে নির্দোষ তা যাচাইয়ের জন্যই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়, সবাই দোষী নন। এটা করা হয় দুদক বিধিমালা অনুসরণ করেই। কিন্তু সাম্প্রতিক সময়ে অভিযোগের অনুসন্ধানকালে নোটিশ দেওয়ার পর কোনো কোনো সন্দেহভাজন ব্যক্তি দুদকে হাজির হচ্ছেন না। দুদকের ডাকে হাজির না হলে অবশ্যই আইনানুগভাবে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে। বেনজীর আহমেদ বলেন, পুলিশি ব্যবস্থার পরও যদি সন্দেহভাজন ব্যক্তিরা দুদকের জিজ্ঞাসাবাদে হাজির না হন, তবে তাঁরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন।