দুদকের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে মাহমুদুর রহমানের মামলা দায়ের
সাবেক জ্বালানি উপদেষ্টা ও দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আজ সোমবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করেছেন।গত ১০ মার্চ দুদক থেকে মাহমুদুর রহমানকে একটি নোটিশ দেওয়া হয়। নোটিশে মাহমুদুর রহমানকে বলা হয়, এক. ক্ষমতার অপব্যবহার করে তিনি শাইনপুকুর সিরামিক থেকে অবৈধভাবে সুবিধা নিয়েছেন। দুই. বিনিয়োগ বোর্ডে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে জনৈক ব্যক্তিকে চাকরি দিয়েছেন। তিন. আইএফআইসি ব্যাংকের ধানমন্ডি শাখায় তাঁর হিসাবে অস্বাভাবিক লেনদেন করা হয়েছে।এ ছাড়া নোটিশে তাঁর জ্ঞাত আয়-বহির্ভূত অর্জনের বিষয়ে, পরিচয় গোপন করে বিদেশে লোক প্রেরণ, ঋণখেলাপি হওয়া সত্ত্বেও ঋণ পুনঃ তফসিলীকরণ এবং চারদলীয় জোট সরকারের আমলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করাসহ বহু অভিযোগের বিষয় নোটিশে উল্লেখ করা হয়।নোটিশে কমিশন তাঁকে ১৬ মার্চের মধ্যে জবাব দিতে বলে। মাহমুদুর রহমান দুদকের ওই নোটিশের বৈধতা নেই—মর্মে ঘোষণা চেয়ে আদালতে আজ এ মামলা দায়ের করেন।মামলায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ দুই পরিচালককে বিবাদী করা হয়েছে।