দুদকের বিলম্বিত স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যখন যেমন তখন তেমন আইন ও বিধিবিধান ব্যাখ্যা ও ব্যবহার করার নাম বাংলাদেশ। বাংলাদেশের প্রচলিত আইনেও দুর্নীতির ষড়যন্ত্র করা যে অপরাধ, সে কথা যথেষ্ট বিলম্বে স্বীকার করে নিয়ে দুদক তা আবারও প্রমাণ করেছে।তিন মাস আগেও দুদকের আইন উপদেষ্টা আনিসুল হক বলেছিলেন, বিশ্বব্যাংকের প্যানেল বরণে প্রচলিত আইন বাধা। অনেকে এতে সার্বভৌমত্বের সর্বনাশও দেখেছিলেন। এখন দুদকের যেন বিলম্বিত বোধোদয় ঘটেছে। কিন্তু পদ্মা সেতুর কথিত দুর্নীতির রহস্য উন্মোচনের পথে এখনো অনেক বাঁক ও বাধা পেরোতে হবে। দুর্নীতিতে ‘পাঁচবারের চ্যাম্পিয়ন’ বাংলাদেশে দুর্নীতির ষড়যন্ত্র করা এমনকি তাতে মদদদানও দণ্ডনীয় অপরাধ। এই বিধান ২০০৪ সালে দুদক আইনে তফসিলভুক্ত রয়েছে।এই তথ্যটি নির্দিষ্টভাবে প্রথমবারের মতো উচ্চারণ করলেন আনিসুল হক ২০১২ সালের অক্টোবরে। কিন্তু তথ্যটি ৫৪ বছরের পুরোনো। ১৯৫৮ সালের ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের তফসিলেই বিধানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। অথচ পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ প্রশ্নে এ কথা স্বীকার করতে রাজি ছিল না অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় এত দিন এ প্রশ্নে আমাদের তথাকথিত স্বাধীন দুদকের ওপর ছড়ি ঘুরিয়েছে। আমাদের হাতে এর দালিলিক প্রমাণও রয়েছে। আনিসুল হক এক প্রশ্নের জবাবে প্রথম আলোকে বলেছেন, ‘দুর্নীতির ষড়যন্ত্র প্রচলিত আইনে বিচার্য নয়—সে কথা আমি কখনোই বলিনি।’ এ বিষয়ে কোনো বৈঠকে এ ধরনের কোনো মত দিয়েছিলেন কি? তিনি বলেন, ‘না।’ তা হলে আইন মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মহল থেকে এমন ধারণা যে ছড়ানো হয়েছিল, সে বিষয়ে তিনি কী মনে করেন। আনিসুল হকের উত্তর, ‘আমি এ ব্যাপারে কখনোই মতামত দিইনি। কারণ, তার প্রসঙ্গ আসেনি।’ তাঁর আরও দাবি, যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে তা দুদক এখনো অনুসন্ধান করছে। আর অনুসন্ধান পর্যায়ে এ বিষয়ে মতামত দেওয়ার প্রশ্নই আসে না। এ কথা যদি সত্যি হয়ে থাকে, তা হলে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদকে বিশ্বব্যাংককে বিভ্রান্ত করার জন্য অভিযুক্ত করা যেতে পারে। এমনকি তাঁর বিরুদ্ধে দুদকের এখতিয়ার জবরদখলের অভিযোগ আনা যেতে পারে। তার কারণ, গত ২৮ জুন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মিজ ইসাবেল এম গুয়েরেরোকে দেওয়া এক পত্রে তিনি বাংলাদেশ সরকারের পক্ষে লিখেছেন, ‘কানাডীয় আইনে কোনো বিদেশি কর্মকর্তাকে উৎকোচ প্রদানের আগ্রহ ব্যক্ত করলেও তা অপরাধ, কিন্তু বাংলাদেশের প্রচলিত আইনে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপ গ্রহণ করতে হলে তথাকথিত অনির্ভরযোগ্য সাক্ষ্য পর্যাপ্ত নয়।’ ৫৪ বছরের একটি পুরোনো তথ্য প্রকাশ করতে বাংলাদেশকে এক বছরের বেশি সময় ধরে পানি ঘোলা করতে দেখা গেল। অনুরূপভাবে সরকারি কর্মকর্তার সংজ্ঞা নিয়েও অর্থমন্ত্রী এ এম এ মুহিতের নেতৃত্বাধীন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বিশ্বব্যাংককে শুধু নয়, দেশের জনগণকেও ধাঁধায় রেখেছিল।পাকিস্তান আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে দুর্নীতির একটি মিথ্যা মামলা করা হয়েছিল। ১৯৬৩ সালে সেই মামলাতেই হাইকোর্ট ব্যাখ্যা দিয়েছিলেন যে ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইনে যে সরকারি কর্মকর্তা কথাটি রয়েছে, তার মধ্যে মন্ত্রীরাও অন্তর্ভুক্ত। আওয়ামী লীগ সরকারে আছে বলে এই রায়টি তাদেরই বেশি মনে থাকার কথা। অথচ তারা একজন সৈয়দ আবুল হোসেন ও মসিউর রহমানকে বাঁচাতে ওই সত্য আড়াল করেছিল। জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ গত ২৬ জুন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে দিব্যি লেখেন, ‘গত ৫ জুন আপনি আপনার চিঠিতে স্পষ্টভাবে “মন্ত্রীদের” পরিবর্তে “কর্মকর্তাদের” লিখেছেন। তাই আমরা শুধু “কর্মকর্তাদের” বিরুদ্ধেই ব্যবস্থা নিতে সম্মত হয়েছি।’ তিনি এ-ও লিখেছিলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা নেওয়ার মতো সাক্ষ্যপ্রমাণ ব্যতিরেকে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগ্রহী ছিলেন না।’ এক টিভি টক শোতে মহীউদ্দীন খান আলমগীর যুক্তি দিয়েছিলেন, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের মনোবল চাঙা রাখতেই প্রধানমন্ত্রী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনিচ্ছুক ছিলেন।আইনে কী আছে: গতকাল প্রথম আলোতে আনিসুল হকের বরাত দিয়ে দণ্ডবিধির ১২০ক ধারার কথা এসেছে। এই ধারায় ফৌজদারির ষড়যন্ত্রের সংজ্ঞা দেওয়া হয়েছে। তবে ২০০৪ সালের দুদক আইনের তফসিলে ১২০ক নয়, ১২০খ ধারার কথা বলা আছে। এই ধারায় ফৌজদারি ষড়যন্ত্রের শাস্তির বিধান আছে। জ্যেষ্ঠ আইনজীবীরা স্মরণ করতে পারেন না যে স্বাধীন বাংলাদেশে ১২০খ ধারার আওতায় কখনো কেউ দুর্নীতির ষড়যন্ত্র করার অপরাধে শাস্তি পেয়েছেন। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের উচ্চ আদালতের অভিন্ন রায় বলেছে, ‘এই ধারার প্রকৃত প্রয়োগ শুধু সেখানেই প্রযোজ্য, যেখানে ষড়যন্ত্র হয়েছে। কিন্তু বাস্তবে কোনো অপরাধ সংঘটিত হয়নি।’ তাই সংশ্লিষ্ট ব্যক্তি বা পক্ষগুলোর মধ্যে কোনো দুষ্কর্মের জন্য চুক্তি হলেই তা বিচারযোগ্য। ১৯৯৯ সালে বিজায়ন বনাম কেরালা রাজ্য মামলায় ভারতীয় সুপ্রিম কোর্ট বলেছেন, ‘একটি অবৈধ কাজের জন্য পক্ষগুলোর মধ্যে চুক্তি হয়েছিল সেটা প্রমাণ করলেই হবে। তবে প্রত্যক্ষ সাক্ষ্য দিয়ে ষড়যন্ত্র প্রমাণ করা কঠিন।’ বিদেশি আইনে: পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে কানাডার আইনে ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় নাগরিক রমেশ সাহা ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সে দেশের আইনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশি কোনো কর্মকর্তাকে ঘুষ দিতে চাওয়ার ইচ্ছা ব্যক্ত করাও শাস্তিযোগ্য অপরাধ। বিশ্বে বর্তমানে ১৯৭৭ সালের মার্কিন দুর্নীতি দমন আইন বেশ প্রভাব বিস্তার করে আছে। এই আইনে প্রমাণ করতে হবে যে, যে ব্যক্তি ঘুষ দিতে চেয়েছে, তার উদ্দেশ্য দুর্নীতি করা। যদিও ২০১০ সালের ব্রিটেনের ঘুষ আইনে কোনো বিদেশি কর্মকর্তাকে ঘুষ দিতে চাওটাই দণ্ডনীয়। তার উদ্দেশ্য ‘দুর্নীতি’ বা ‘অযথাযথ’ ছিল কি না, তা প্রমাণের দরকার নেই।যে তিমিরে সেই তিমিরে: আনিসুল হক গতকাল আমাদের প্রশ্নের জবাবে নিশ্চিত করেছেন যে রোববারের বৈঠকে আইনগত সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কানাডীয় পুলিশের কাছ থেকে দুদক যেসব তথ্য ও প্রমাণ চেয়েছিল তার কোনো কিছুই বিশ্বব্যাংক প্রতিনিধিদলের কাছ থেকে পাওয়া যায়নি। তাঁর কথায়, দুদক আইনে বিষয়টি ‘অনুসন্ধান’ পর্যায়ে রয়েছে। উল্লেখ্য, দুদকের ২০০৭ সালের বিধিতে অনুসন্ধান ও তদন্তের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। কিন্তু রোববার দুদক কিংবা বিশ্বব্যাংকের তরফে যে ব্রিফিং দেওয়া হয়েছে, তাতে অনেক ক্ষেত্রে অনুসন্ধান ও তদন্তকে একই অর্থে ব্যবহার করা হয়েছে। বিধি অনুযায়ী অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা অনধিক ৩০ দিন (১৫+১৫) পাবেন। তাঁরা বিষয়টি ধরে রাখতে পারবেন না, তাঁরা অনুসন্ধানে ব্যর্থ হলেও প্রতিবেদন দেবেন। প্রয়োজনে নতুন করে অনুসন্ধান শুরু করা যাবে। অনুসন্ধানের পর কমিশন সন্তুষ্ট হলে এফআইআর দায়ের করা হবে। এরপর তদন্তে নামবেন দুদকের কর্মকর্তারা। অনধিক ৬০ দিনের (৪৫+১৫) মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন তাঁরা। এতে সন্তুষ্ট হলেই দুদক আদালতে অভিযোগপত্র দাখিলে তদন্তকারী কর্মকর্তাকে অনুমোদন দেবে। তবে অনুসন্ধান ও তদন্ত দুটোরই সময়সীমা ঐচ্ছিক। সুতরাং পদ্মা সেতুর দুর্নীতির বিচার হনুজ দূর অস্ত।অবশ্য দুর্নীতির ষড়যন্ত্র যে দণ্ডনীয় অপরাধ, সেটা পদ্মায় না হোক, টেন্ডারবাজির মতো অন্যবিধ ষড়যন্ত্রের বিচারে যদি ঠাঁই পায়, তা হলে ওই ১২০খ ধারা একটা নতুন ধারার সূচনা ঘটাতে পারে।